বাংলাদেশ ক্রিকেট বোর্ডের(বিসিবি) পরিচালকদের মধ্যে অনেকেই নিজেদের পদ ত্যাগ করেছেন। ফেব্রুয়ারির নির্বাচনের পর নতুন রাজনৈতিক অবস্থায় অনেকেই ভেবেছিলেন বিসিবি সভাপতিও সম্ভবত সেই দলভুক্ত হবেন। কিন্তু, আমিনুল ইসলাম বুলবুল জানিয়ে দিয়েছেন তিনি নিজের দায়িত্ব ছাড়বেন না।
২০২৫ সালের মে মাসে ফারুক আহমেদের জায়গায় স্থলাভিষিক্ত হন । শুরুতে মনে হয়েছিল এ দায়িত্ব যেন স্বল্প সময়ের। কিন্তু, বাস্তবে এমন হয়নি কিছুই। অক্টোবরের নির্বাচনে জিতে এখন তিনি পূর্ণ দায়িত্বে।
যে নির্বাচনের ভেতর দিয়ে আমিনুল স্থায়ী সভাপতি হলেন, সেই নির্বাচন নিয়েই আছে নানা বিতর্ক। তামিম ইকবাল খান একে অস্বচ্ছ দাবি করে সরে গিয়েছিলেন নির্বাচন থেকে। কিন্তু, আমিনু্লের কথায় দায়িত্ব ছাড়ার কিছুই খুঁজে পাওয়া যায় না।

যমুনা টেলিভিশনকে দেওয়া সাম্প্রতিক সাক্ষাৎকারে বিসিবি সভাপতি জানান, পদ ছাড়ার কোনো ইচ্ছা তাঁর নেই। তিনি বলেন, ‘চলে যাওয়ার জন্য আমি হবো শেষ ব্যক্তি।’ আমিনুলের কথায় আসে বিসিবিতে তাঁর সৎ, নিবেদিত দলের কথা। যাদের নিয়ে তিনি বাংলাদেশ ক্রিকেটের সেবা করতে চান।
নিজের যোগ্যতায়, নিজের অভিজ্ঞতায় বিসিবির সবচেয়ে গুরুত্বপূর্ণ পদটিতে বসেছেন বলে দাবি টেস্টে বাংলাদেশে প্রথম শতক হাঁকানো আমিনুল ইসলাম বুলবুলের। নানা গুজব শোনা গেলেও সেগুলোকে উড়িয়ে দিয়েছেন তিনি।
এই বছরের টি-টুয়েন্টি বিশ্বকাপে না যাওয়া, নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন, রাজনৈতিক হস্তক্ষেপ এমন বহু বিতর্ক থাকলেও এখনো কাজ চালিয়ে যাবেন আমিনুল ইসলাম বুলবুল। নিজের সিদ্ধান্তে তিনি একেবারে বদ্ধপরিকর।











