জার্মানির জার্সি গায়ে তুলবেন যে এগারোজন

জামাল মুসিয়ালার পায়ের জাদুকরী ড্রিবলিং আর ফ্লোরিয়ান ভির্টসের ক্ষুরধার ফুটবল মগজ যেকোনো রক্ষণভাগকে এক নিমেষে ছিন্নভিন্ন করে দিতে পারে।

এক যুগ মেয়াদের দীর্ঘ একাকীত্ব আর ব্যর্থতার গ্লানি উত্তর আমেরিকার মাঠে গিয়ে এবার মুছে ফেলতে চায় জার্মানি। ২০১৪ সালের মারাকানার গৌরবের পর বিশ্বমঞ্চে ডাই ম্যানশাফটদের গল্পটা কেবলই ভাঙাগড়ার আর কান্নাভেজা চোখে মাঠ ছাড়ার। তবে এবার একঝাঁক নতুন সেনা আর অভিজ্ঞতার মেলবন্ধনে তারা প্রস্তুত হারিয়ে যাওয়া রাজত্ব উদ্ধার করতে। জার্মানির সোনালী দিন পুনরুদ্ধারে কোন ১১ জন মাঠে নামবেন চলুন দেখে নেওয়া যাক।   

জার্মানির এই দলের গোলপোস্টের নিচে বরাবরের মতোই অতন্দ্র প্রহরী হয়ে থাকবেন ম্যানুয়েল নয়্যার। ব্রাজিল বিশ্বকাপ জেতানো এই জার্মান যোদ্ধা দলে ফিরেছেন অবসর ভেঙে। তাঁর ইস্পাতকঠিন অভিজ্ঞতা দলের রক্ষণভাগকে দেবে এক পরম স্বস্তি। অ্যালেকজান্ডার নুবেল আর অলিভার বাউম্যানকে থাকতে হবে বিশেষ প্রয়োজনের জন্য।  

সম্ভাব্য ৪-২-৩-১ ফরমেশনে দল মাঠে নামাবেন জুলিয়ান নাগলসমান। যেখানে জার্মানির রক্ষণভাগয়ের প্রাণকেন্দ্রে থাকবে রিয়াল মাদ্রিদ তারকা আন্তোনিও রুডিগারের প্রতিপক্ষের বুকে কাঁপন ধরিয়ে দেওয়া আগ্রাসন । আর তাঁর সাথে অধিনায়ক জশুয়া কিমিচের নিখুঁত চতুরতা প্রতিপক্ষের যেকোনো আক্রমণকে গুঁড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট।

জার্মানির আসল শক্তি লুকিয়ে আছে মাঝমাঠের সৃজনশীলতায়। জামাল মুসিয়ালার পায়ের জাদুকরী ড্রিবলিং আর ফ্লোরিয়ান ভির্টসের ক্ষুরধার ফুটবল মগজ যেকোনো রক্ষণভাগকে এক নিমেষে ছিন্নভিন্ন করে দিতে পারে। এই দুই তরুণ তুর্কির মেলবন্ধনই এবার জার্মানিকে বিশ্বমঞ্চে ট্রফি জয়ের অন্যতম প্রধান দাবিদার করে তুলতে পারে।

আক্রমণভাগের নেতৃত্বে কাই হাভার্টজ থাকবেন ফলস নাইন হিসেবে, যা জার্মানদের চেনা ছন্দকে আরও গতিশীল করবে। তবে দলের আসল চমক লুকিয়ে আছে বেঞ্চের শক্তিতে। লেরয় সানে কিংবা দেনিজ উন্দাভদের মতো তারকারা যখন বদলি হিসেবে মাঠ কাঁপাতে নামবেন, তখন প্রতিপক্ষের ক্লান্ত রক্ষণের ওপর তা হবে মরণ কামড়।

সব শক্তির মাঝেও রক্ষণভাগের মাঝেমধ্যে খেই হারিয়ে ফেলা দলটির একমাত্র চিন্তার কারণ হতে পারে। তবে সব বাধা পেরিয়ে, অতীতের সব ব্যর্থতার ইতিহাস পেছনে ফেলে এই জার্মান মেশিন এখন পুরোপুরি প্রস্তুত। ফুটবল বিশ্বের বুকে নিজেদের হারিয়ে যাওয়া আভিজাত্য আর শ্রেষ্ঠত্ব ফিরে পেতে তারা এবার খেলবে মরণপণ লড়াই।

জার্মানির সম্ভাব্য একাদশ: ম্যানুয়েল নয়ার, জশুয়া কিমিচ, অ্যান্তোনিও রুডিগার, জোনাথন তাহ, ডেভিড রাউম, আলেকসান্ডার পাভলোভিচ, লিওন গোরেটস্কা, জামাল মুসিয়ালা, কাই হাভার্টজ, ফ্লোরিয়ান ভির্টজ, এবং ডেনিজ উন্দাভ।  

 

লেখক পরিচিতি

বেঁচে আছি না পড়া বইগুলো পড়ব বলে

Share via
Copy link