আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার রণকৌশল

আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি নিজের রণকৌশল সবসময়ই রহস্যের মতো করে রাখতে পছন্দ করেন, যার সমাধান ম্যাচ শুরুর আগে পাওয়া মেলা ভার।

বিশ্বকাপের শিরোপা ধরে রাখার লড়াইয়ে মাঠে নামার আগে আর্জেন্টিনার একাদশ নিয়ে বাতাসে সহস্র গুঞ্জন। কানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে লিওনেল মেসিদের বিশ্বজয়ের নতুন অভিযান। শেষ মুহূর্তের প্রস্তুতিতে যখন ঘাম ঝরাচ্ছেন আলবিসেলেস্তেরা, তখন ভক্তদের মনে একটাই প্রশ্ন। কেমন হবে আলজেরিয়া বধের চূড়ান্ত একাদশ?

আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি নিজের রণকৌশল সবসময়ই রহস্যের মতো করে রাখতে পছন্দ করেন, যার সমাধান ম্যাচ শুরুর আগে পাওয়া মেলা ভার। ডিফেন্সে কখনো চারজন, আবার কখনো তিন সেন্ট্রালব্যাকের সাথে দুই উইং-ব্যাক নিয়ে অনুশীলনে পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছেন এই মাস্টারমাইন্ড। তবে আলজেরিয়ার শক্তি বিবেচনায় প্রথম ম্যাচে ৪-৪-২ ফরমেশনে খেলার সম্ভাবনাই সবচেয়ে বেশি দেখছে আর্জেন্টাইন সংবাদমাধ্যমগুলো।

ডিফেন্স লাইনে ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্ডি আর লিসান্দ্রো মার্তিনেজের মধ্যে সেন্ট্রাল ডিফেন্সের জুটির আরেক সদস্য কে হবেন, তা নিয়ে চলছে মধুর সমস্যা। তবে স্কালোনি যদি ৩-৫-২ ছক বেছে নেন, তবে এই তিনজনকে একসাথেই দেখা যেতে পারে। সেক্ষেত্রে দুই উইং-ব্যাক হিসেবে দায়িত্ব পালন করবেন জুলিয়ানো সিমিওনে এবং নিকোলাস গঞ্জালেস।

রক্ষণভাগ নিয়ে কিছুটা ধোঁয়াশা থাকলেও আর্জেন্টিনার মাঝমাঠের চিত্রটা বেশ পরিষ্কারই বলা চলে। মাঝমাঠের নিয়ন্ত্রণ থাকবে এনজো ফার্নান্দেজ, আলেক্সিস ম্যাক আলিস্টার এবং অভিজ্ঞ রদ্রিগো ডি পলের কাঁধে। চোটের কারণে হুলিয়ান আলভারেজ কিছুটা পিছিয়ে থাকায়, আক্রমণভাগে লিওনেল মেসির মূল সঙ্গী হতে যাচ্ছেন সাম্প্রতিক সময়ে ফর্মের তুঙ্গে থাকা লাউতারো মার্তিনেজ।

একাদশের অন্য পজিশনটির জন্য থিয়াগো আলমাদা এবং সিমিওনের মধ্যে লড়াই চললেও, অভিজ্ঞতায় এগিয়ে আছেন আলমাদাই। তবে মাঠের লড়াইয়ে নামার আগে স্কালোনির আসল তাসটি কী, তা কেবল তিনিই জানেন। বর্তমান বিশ্বচ্যম্পিয়নরা এবারের যাত্রা কিভাবে শুরু করে সেটাই এখন দেখার। 

লেখক পরিচিতি

বেঁচে আছি না পড়া বইগুলো পড়ব বলে

Share via
Copy link