টেস্ট-ওয়ানডেতে সাফল্যের আড়ালে টি-টোয়েন্টিতে বেহাল দশা

বড় দুই ফরম্যাটে যখন বাংলাদেশ দাপিয়ে বেড়াচ্ছে, তখন টি-টোয়েন্টি ক্রিকেটে দলের দশা যেন একেবারেই নাজুক।

বাংলাদেশ ক্রিকেট দলের ফরম্যাটভেদে পারফরম্যান্স যেন অনেকটা বৈদ্যুতিক ‘টু-ওয়ে সুইচ’ এর মতো। এক ফরম্যাটে সাফল্যের জয়গান গাইলে অন্য ফরম্যাটে দেখা দেয় চরম ব্যর্থতার প্রতিচ্ছবি। বড় দুই ফরম্যাটে যখন বাংলাদেশ দাপিয়ে বেড়াচ্ছে, তখন টি-টোয়েন্টি ক্রিকেটে দলের দশা যেন একেবারেই নাজুক।

​টেস্ট ক্রিকেটে বাংলাদেশ এখন তাদের ইতিহাসের সেরা সময় পার করছে। পেস ইউনিটের বিপ্লব এবং মিডল অর্ডারের ধারাবাহিকতায় বিশ্ব ক্রিকেটের দরবারে বাংলাদেশ ক্রমেই নিজেদের গ্রহণযোগ্যতা তৈরি করে নিয়েছে। অন্যদিকে, ওয়ানডে ক্রিকেটে মাঝে কিছুটা ছন্দপতন হলেও, শেষ কয়েকটি সিরিজে সাফল্যের দেখা পেয়েছে টাইগাররা।

​কিন্তু সেই যে বললাম, ‘টু-ওয়ে সুইচ’। এক ফরম্যাটে ভালো করলে অন্যটিতে খেই হারিয়ে ফেলা যেন লাল-সবুজের প্রতিনিধিদের রক্তে মিশে গেছে। বৃহত্তর দুই ফরম্যাটে ধারাবাহিকতার আড়ালে টি-টোয়েন্টিতে বাংলাদেশ আজ কোণঠাসা।

 

​পরিসংখ্যান বলছে, শেষ ১২টি টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ জয় পেয়েছে মাত্র তিনটিতে। বিপরীতে হারতে হয়েছে আটটি ম্যাচে। এর সঙ্গে যোগ হয়েছে ঘরের মাঠে দুইবার হোয়াইটওয়াশ হওয়ার লজ্জা।

​গত অক্টোবরে সদ্য নেপালের কাছে সিরিজ হারা ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশে এসে ৩-০ ব্যবধানে সিরিজ জিতে নেয়। যা টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের নাজুক অবস্থারই বহি:প্রকাশ।

পরের সিরিজে খর্ব শক্তির আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি ম্যাচ জিতলেও, একটি ম্যাচে পরাজয় বরণ করতে হয়েছে। সেই সাথে রয়েছে বিশ্বকাপে অংশ না নেওয়ার  দু:সহ স্মৃতি। চলতি বছরে ঘরের মাঠে নিউজিল্যান্ডের দ্বিতীয় সারির দলের বিপক্ষে সিরিজ ড্র করার অস্বস্তি তো রয়েই গেছে।

​সবশেষ দ্বিপাক্ষিক সিরিজে ওয়ানডেতে দুর্দান্ত পারফরম্যান্সের পরেও টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়া বাংলাদেশকে রীতিমতো ধবলধোলাই করেছে। টেস্ট ও ওয়ানডের সাফল্যের ভিড়ে টি-টোয়েন্টির এই ধারাবাহিক ব্যর্থতা অনেকটা আড়ালেই পড়ে যাচ্ছে। অথচ ফরম্যাটভেদে টি-টোয়েন্টির জন্য ভিন্ন ও সুদূরপ্রসারী পরিকল্পনা সাজানো এখন সময়ের দাবি।

লেখক পরিচিতি

স্বপ্নীল ভূঁইয়া

সাব এডিটর

Share via
Copy link