একটা প্রশ্ন দিয়েই শুরু করা যাক, সামনে যখন টেস্ট ক্রিকেট, তখন টেস্ট দলের ক্রিকেটারদের প্রস্তুতির সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়টা কোথায় কাটানো উচিত? উত্তরটা খুব কঠিন হওয়ার কথা নয়। চার দিনের ক্রিকেটে, লম্বা ইনিংস খেলার প্রস্তুতিতে, নতুন বলে দীর্ঘ স্পেল করার অভ্যাসে।
অথচ, বাংলাদেশের টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং পেস আক্রমণের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হাসান মাহমুদ যাচ্ছেন এশিয়ান গেমসে। জাতীয় লিগের প্রথম রাউন্ড যখন মাঠে গড়াবে, তখন দুজনই থাকবেন দেশের বাইরে।
দিন ১৫ পরেই আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচ রয়েছে। মাসের শেষে ওয়েস্ট ইন্ডিজ আসবে বাংলাদেশে। নভেম্বরে দক্ষিণ আফ্রিকা সফর। সব মিলিয়ে টেস্টের জন্য দম ফেলার ফুরসত নেই বাংলাদেশের। এমন সময় এশিয়ান গেমসের জন্য শান্ত, হাসানদের টি-টোয়েন্টি খেলানো কতটা যুক্তিযুক্ত?
শান্ত বাংলাদেশের টেস্ট দলের অধিনায়ক। দীর্ঘদিন ধরেই তিনি টি-টোয়েন্টি দলের বাইরে। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বাংলাদেশের টি-টোয়েন্টি নেতৃত্বেও এসেছে পরিবর্তন। অর্থাৎ সাদা বলের একটি ফরম্যাটে তিনি নিয়মিত নন। সামনে বাংলাদেশের লাল বলের ব্যস্ততা।

শান্ত যেহেতু টি-টোয়েন্টির দলে ছিলেন না, তাকে হুট করে এশিয়ান গেমসের জন্য কেনই বা ডাকা হলো? এতে ফায়দাও বা কী? টপ অর্ডারে বাংলাদেশের যথেষ্ট ব্যাকআপ অপশন রয়েছে। এই ভূমিকায় শান্তকে কোন কারণে দলে দরকার?
হাসান মাহমুদের ক্ষেত্রেও গল্পটা খুব একটা আলাদা নয়। কাউন্টি ক্রিকেটে বেশ ছন্দে ছিলেন। প্রথমে ২৭ তারিখ পর্যন্ত ছাড়পত্র দেওয়া ছিল, তবে হুট করেই এশিয়ান গেমসের প্রস্তুতির জন্য তাকে নিয়ে আসা হয়। সেখানে আরও দুটি চার দিনের ম্যাচ খেলে লাল বলের ক্রিকেটে নিজেকে প্রস্তুত করার সুযোগ ছিল। সেই সুযোগ শেষ পর্যন্ত আর কাজে লাগাতে পারেননি হাসান।
এখন প্রশ্ন হচ্ছে, কেন? এশিয়ান গেমসে বাংলাদেশের লক্ষ্য নিশ্চয়ই পদক। কিন্তু ওমান কিংবা হংকংয়ের মতো দলের বিপক্ষে ম্যাচ পেরিয়ে বাংলাদেশ যদি পদকের লড়াইয়ে যায়, তাহলে স্বর্ণ বা ব্রোঞ্জের ম্যাচ হবে ৩ অক্টোবর। আর ঠিক সেদিনই শুরু হচ্ছে জাতীয় লিগ।
অর্থাৎ সবকিছু পরিকল্পনামতো এগোলে শান্ত ও হাসান জাতীয় লিগের প্রথম রাউন্ডে থাকছেন না। যে জাতীয় লিগ হতে পারত তাদের লাল বলের প্রস্তুতির সবচেয়ে স্বাভাবিক মঞ্চ, সেই মঞ্চেই থাকবেন না তারা। ঠিক এখানেই প্রশ্নটা চলে আসে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিকল্পনার যথার্থতা নিয়ে।











