বৈভব বিতর্কে কোচ-কাপ্তানের পাশে বিসিসিআই!

তুমুল বিতর্কের মাঝে গম্ভীর-শ্রেয়াসদের ঢাল হয়ে দাঁড়িয়েছেন দ্য বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সহ-সভাপতি রাজীব শুক্লা।

বৈভব সুরিয়াভানশির কেন এখনও অভিষেক হচ্ছে না? ভারতের ক্রিকেটে সম্ভবত সবচেয়ে আলোচনার বিষয় এটি। আয়ারল্যান্ড সিরিজের পর ইংল্যান্ড সিরিজের প্রথম ম্যাচেও একাদশে জায়গা হয়নি এই বিস্ময় বালকের। তাই তো ফুঁসে উঠছেন ভারতের ক্রিকেটপ্রেমীরা। তবে, এমন সময়ে কোচ আর কাপ্তানের সিদ্ধান্তের ওপরেই ভরসা রাখছে ভারতের ক্রিকেট বোর্ড।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরে আসরে ১৬ ইনিংসে ২৩৫ এর বেশি স্ট্রাইক রেটে ৭৭৬ রান করেন বৈভব। এরপরই ১৫ বছর বয়সী ব্যাটারকে জাতীয় দলে দ্রুত সুযোগ দিয়েছিলেন নির্বাচকরা। কিন্তু আয়ারল্যান্ডের কাছে অনাকাঙ্ক্ষিত সিরিজ হারের পর ইংল্যান্ডের বিপক্ষেও টিম ম্যানেজমেন্ট তাকে সাইডবেঞ্চে বসিয়ে রাখে। এই কারণেই তীব্র সমালোচনা চলছে কোচ গৌতম গম্ভীর ও অধিনায়ক শ্রেয়াস আইয়ারের বিরুদ্ধে।

আইপিএলের মাঠের সেই মারকুটে ছন্দের বৈভবকে জাতীয় দলের জার্সিতে ২২ গজে দেখার আকুলতা যেন ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মনে। এজন্য অপেক্ষার প্রহর বাড়তে থাকায় ক্ষোভ আর রোমাঞ্চের এক অদ্ভুত মিশেল তৈরি করেছে।

এই তুমুল বিতর্কের মাঝে গম্ভীর-শ্রেয়াসদের ঢাল হয়ে দাঁড়িয়েছেন দ্য বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সহ-সভাপতি রাজীব শুক্লা। টিম ম্যানেজমেন্টের জ্ঞান ও দূরদর্শিতার ওপর পূর্ণ আস্থা রেখে তিনি স্পষ্ট জানিয়েছেন, কোচের সিদ্ধান্তের ওপর ভিত্তি করেই সঠিক সময়ে আসবে এই বৈভবের আন্তর্জাতিক অভিষেকের সোনালী সুযোগ।

আপাতত অভিষেক থমকে গেলেও কোটি ভক্তের চোখ থাকবে আগামী ম্যাচগুলোর দিকে। ক্রিকেট ইতিহাসের এই নতুন রাজপুত্রের রাজকীয় অভিষেকের গল্পটা দেখার জন্য এখন শুধু সময়ের অপেক্ষা; কারণ বাইশ গজে বৈভবের ব্যাট কথা বলার জন্য শতকোটি মানুষের প্রার্থনা আর উন্মাদনা তৈরি হয়েই আছে।

লেখক পরিচিতি

বেঁচে আছি না পড়া বইগুলো পড়ব বলে

Share via
Copy link