লর্ডসে টেস্ট অভিষেক, ক্রিকেটারদের কাছে যার চেয়ে বড় স্বপ্ন খুব কমই আছে। আর সেই স্বপ্নের মঞ্চে প্রথম বলেই যদি ব্যাট থেকে বাউন্ডারি, সেটাও আবার চোখজুড়ানো কাভার ড্রাইভে, এর ওপর কঠিন সময়ে ব্যাট থেকে দলের জন্য বের হয় ৫৭ রান, অর্থাৎ অভিষেকেই ফিফটি, তাহলে গল্পটা যেন আরও সিনেমাটিক হয়ে ওঠে। যেটা করেছেন এমিলিও গে।
কদিন আগেও যার জীবন জড়িয়ে ছিল ইতালির সঙ্গে, এখন ইংল্যান্ডের সাদা জার্সিতে ক্রিকেটের তীর্থভূমি লর্ডসে টেস্ট ক্রিকেট খেলছেন। অভিষেকের প্রথম বলেই চার মেরে নিজের আগমনী বার্তা দিয়েছিলেন, তবে আসল ছাপ রেখেছেন দ্বিতীয় ইনিংসে।

লর্ডসের উইকেটে রান করা কখনোই সহজ নয়। বিশেষ করে ম্যাচ যখন টানটান উত্তেজনায় ঝুলে থাকে, তখন প্রতিটি রানই হয়ে ওঠে সোনার চেয়েও মূল্যবান। সেই কঠিন পরিস্থিতিতেই ৫৭ রানের দায়িত্বশীল ইনিংস খেলেন এমিলিও গে। শুধু ব্যক্তিগত অর্জন নয়, ম্যাচের গতিপথও অনেকটা বদলে দেয় এই ইনিংস। ইংল্যান্ডকে এনে দেয় নিয়ন্ত্রণ।
ক্রিকেট ইতিহাসে অনেকেই স্বপ্নের অভিষেক পেয়েছেন, কিন্তু লর্ডসে প্রথম বলেই চার, তারপর ম্যাচ-নির্ধারণী অর্ধশতক, এমন শুরু খুব বেশি ক্রিকেটারের ভাগ্যে জোটে না। তাই এমিলিও গের জন্য এই টেস্ট শুধু অভিষেক নয়, এটি হতে পারে একটি দীর্ঘ আন্তর্জাতিক যাত্রার প্রথম অধ্যায়।

কারণ ক্রিকেটে প্রথম ছাপটাই অনেক সময় সবকিছু বদলে দেয়। আর এমিলিও গে নিজের প্রথম ছাপটা এঁকেছেন ঠিক লর্ডসের সবুজ ঘাসের ওপর, এক নিখুঁত কাভার ড্রাইভের আঁচড়ে, দলের ঘোরতর বিপদের সময়ে। এমন শুরু ক’জনের ভাগ্যে জোটে।










