ব্যর্থ লিটনরা, কঠিন হলো সুপার ফোরের যাত্রা!

শ্রীলঙ্কার বিপক্ষে ছয় উইকেটের হার। প্রত্যাশার ছিটেফোটাও পূরণ করতে পারলো না বাংলাদেশ। সেই সাথে লিটন দাসদের জন্য কঠিন হলো সুপার ফোরে যাওয়ার সমীকরণ।

শ্রীলঙ্কার বিপক্ষে ছয় উইকেটের হার। প্রত্যাশার ছিটেফোটাও পূরণ করতে পারলো না বাংলাদেশ। সেই সাথে লিটন দাসদের জন্য কঠিন হলো সুপার ফোরে যাওয়ার সমীকরণ।

এদিন টস জেতাটা গুরুত্বপূর্ণ ছিল, তবে লিটন দাসের ভাগ্য আজ সহায় হলো না। শ্রীলঙ্কা টস জিতে বোলিং বেছে নেয়, আর সেটাই কাল হয়ে দাঁড়ায় বাংলাদেশের জন্য।

প্রথম ওভারে তানজিদ তামিমের সূচনাটা হলো দুঃস্বপ্নের মতো। নুয়ান থুসারার শেষ বলে ক্লিন বোল্ড হয়ে সাজঘরের পথ ধরেন তিনি। পরের ওভারে দুশমান্থ চামিরার আঘাত, পারভেজ হোসেন ইমনেরও একই হাল। প্রথম দুই ওভারে দুই উইকেটের পতন, স্কোরবোর্ডে নেই কোনো রান।

কোণঠাসা বাংলাদেশের ভরসা তখন লিটন দাস আর তাওহীদ হৃদয়। তবে জীবন পেয়েও রানআউটে কাঁটা পড়েন হৃদয়। দলের মান বাঁচানোর দায়িত্ব পড়ে লিটনের উপর। পাওয়ার প্লেতে স্কোরবোর্ডে তিন উইকেট হারিয়ে ৩০ রান।

শেখ মেহেদীকে নিয়ে ২৭ রানের জুটি গড়ে সাময়িক চাপ সামাল দেন লিটন। তবে মেহেদীও টিকতে পারেননি, হাসারাঙ্গার বলে লেগ বিফোরের শিকার হয়ে ফিরে যান তিনি। লিটনের লড়াইটাও শেষ হয় ব্যক্তিগত ২৮ রান তুলে।

৫৩ রানে পাঁচ উইকেট হারিয়ে বাংলাদেশ যখন ধুঁকছে তখন বিপর্যয়ে হাল ধরেন জাকের আলী এবং শামীম পাটোয়ারী। তাঁদের ব্যাটে ভর করে বাংলাদেশের সম্ভাবনার আলো জ্বলে ওঠে। দুজনের ৮৬ রানের পার্টনারশিপে ভর করে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১৩৯। শামীমের ৪২ আর জাকেরের ব্যাট থেকে আসে ৪১ রান।

তবে বল হাতে যতটা ভালো করার দরকার ছিল সেটা বাংলাদেশের বোলাররা করতে পারেননি। দ্বিতীয় ওভারের মাথায় যদিও কুশল মেন্ডিসকে দারুণ এক ডেলিভারিতে সাজঘরে ফেরান মুস্তাফিজ। তবে বাকিদের ছন্নছাড়া বোলিং আর বাজে ফিল্ডিংয়ে কাজের কাজটা হয়নি।

ব্যাট হাতে পাথুম নিশাঙ্কার ৫০ আর কামিল মিশারার অপরাজিত ৪৬ রানের সুবাদে ১৪০ রানের লক্ষ্যমাত্রা ছয় উইকেট হাতে রেখেই টপকে যায় শ্রীলঙ্কা।

বাংলাদেশের হাতে রয়েছে আরও এক ম্যাচ। প্রতিপক্ষ আফগানিস্তানকে হারানোর কোনো বিকল্প নেই। শুধু তাই নয়, সুপার ফোরে যেতে হলে অন্যদের দিকেও এখন তাকিয়ে থাকতে হবে।

লেখক পরিচিতি

স্টাফ রিপোর্টার

Share via
Copy link