বয়স স্রেফ একটা সংখ্যা—এই কথার জীবন্ত উদাহরণ আবারও দেখালেন জাপানের কিংবদন্তি ফুটবলার কাজুওয়োশি মিউরা। ৫৯ বছর ১৪৯ দিন বয়সে এসে পেশাদার ম্যাচে গোল করে নতুন করে আলোচনায় উঠে এসেছেন ‘কিং কাজু’।
জাপানের এম্পেররস কাপ বাছাইপর্বে তৃতীয় বিভাগের ক্লাব ফুকুশিমা ইউনাইটেডের হয়ে ইওয়াকি ফুরুকাওয়ার বিপক্ষে ৭-০ গোলের জয়ে দলের পঞ্চম গোলটি করেন মিউরা। ম্যাচের ৫২ মিনিটে সতীর্থের কাটব্যাক থেকে এক টাচে নিখুঁত ফিনিশে জাল খুঁজে নেন তিনি। গোলের পর সতীর্থরা ঘিরে ধরে উদযাপন করেন, আর মাত্র তিন মিনিট পরই তাকে বদলি করে মাঠের বাইরে তুলে নেওয়া হয়।
এই গোলের বিশেষত্ব শুধু বয়সে নয়। প্রায় চার বছর পর এটি মিউরার প্রথম প্রতিযোগিতামূলক গোল। সর্বশেষ ২০২২ সালের নভেম্বরে অ্যাতলেটিকো সুজুকার হয়ে গোল করেছিলেন তিনি। এরপর দীর্ঘ সময় অপেক্ষার পর আবারও স্কোরশিটে নাম তুললেন বিশ্বের সবচেয়ে বয়স্ক পেশাদার ফুটবলার।

১৯৮৬ সালে ব্রাজিলের সান্তোসে পেশাদার ক্যারিয়ার শুরু করেছিলেন মিউরা। এরপর ইতালির সিরি ‘আ’-তে খেলা প্রথম জাপানি ফুটবলার হিসেবে ইতিহাস গড়েন। খেলেছেন ক্রোয়েশিয়ার দিনামো জাগরেব, জাপানের ভিসেল কোবে, কিয়োটো সাংগা, অস্ট্রেলিয়ার সিডনি এফসিসহ একাধিক ক্লাবে। জাপানের হয়ে ৮৯ ম্যাচে করেছেন ৫৫ গোল, যদিও বিতর্কিতভাবে ১৯৯৮ বিশ্বকাপের দলে জায়গা হয়নি তার।
এখনও অবশ্য থামার কোনো ইচ্ছা নেই কিং কাজুর। চলতি বছরের শুরুতে ইয়োকোহামা এফসি থেকে ধারে ফুকুশিমা ইউনাইটেডে যোগ দেন তিনি। পরে চুক্তির মেয়াদ বাড়িয়ে ২০২৭ সালের জুন পর্যন্ত করা হয়েছে। অর্থাৎ আগামী ফেব্রুয়ারিতে ৬০ বছরে পা দিলেও পেশাদার ফুটবলার হিসেবেই মাঠে থাকার সম্ভাবনা রয়েছে তার। আর সেটি হলে শুরু হবে তার অবিশ্বাস্য ৪২তম পেশাদার মৌসুম।
যেখানে অধিকাংশ ফুটবলার ৩৫ বছর পার হওয়ার আগেই অবসরের কথা ভাবেন, সেখানে কিং কাজু এখনও গোল করছেন, ইতিহাস লিখছেন এবং প্রমাণ করে চলেছেন—ফুটবলের প্রতি ভালোবাসা থাকলে বয়স কখনোই শেষ বাঁশি বাজাতে পারে না।












