আগের সন্ধ্যায় ঢাকায় ফিরে পরদিন সকালেই মাঠে লিটন কুমার দাস। মাঠের বাইরে থেকে বিমর্ষ হয়ে যাওয়ার কথা যখন, তখনই পেলেন সুখবর। জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক হতে যাচ্ছেন তিনি। ভারতের বিপক্ষে আসন্ন সিরিজ থেকেই তিনি পাবেন দায়িত্ব।
বাংলাদেশ ক্রিকেটে আবারও নেতৃত্বের সমীকরণ বদলানোর আভাস মিলেছে। দীর্ঘদিন ধরে তিন ফরম্যাটে তিন অধিনায়কের যে কাঠামো অনুসরণ করছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), সেখান থেকে সরে আসার পরিকল্পনা সাজিয়ে ফেলেছে তাঁরা। সবকিছু ঠিক থাকলে এবার সাদা বলের দুই সংস্করণই এক ছাতার নিচে চলে যাবে।

বুধবার বোর্ড পরিচালকদের সভায় এই প্রস্তাব নিয়ে আলোচনা হবে। সেই সভায় অনুমোদন মিললেই বড় পরিবর্তনের ঘোষণা আসতে পারে। পরিকল্পনা অনুযায়ী, টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন কুমার দাসের হাতেই তুলে দেওয়া হবে ওয়ানডে দলের দায়িত্বও। অর্থাৎ, ভারত সিরিজ থেকেই ওয়ানডে অধিনায়ক হিসেবে মাঠে নামতে পারেন লিটন।
এর ফলে ওয়ানডে অধিনায়কের দায়িত্ব ছাড়তে হবে মেহেদী হাসান মিরাজকে। যদিও এটি চূড়ান্ত নয়, বোর্ড সভার অনুমোদনের ওপরই নির্ভর করছে পুরো সিদ্ধান্ত। তবে, আপাততা বোর্ড বা টিম ম্যানেজমেন্ট মিরাজের নেতৃত্বে সন্তষ্ট নয়।

সাদা বলের সব ফরম্যাটেই দায়িত্ব পাবেন লিটন দাস। অন্যদিকে লাল বলের নেতৃত্বে কোনো পরিবর্তনের ইঙ্গিত নেই। লাল বলের ক্রিকেটে অধিনায়ক হিসেবে নাজমুল হোসেন শান্তর ওপরই আস্থা রাখতে চায় বিসিবি। সব মিলিয়ে নতুন পরিকল্পনা বাস্তবায়ন হলে বাংলাদেশ ক্রিকেটে তিন অধিনায়কের যুগ শেষ হয়ে শুরু হবে দুই অধিনায়কের নতুন অধ্যায়।










