রংপুর রাইডার্স এবার যেন তারকার মেলা নিয়ে মাঠে নামছে আবারও। বিদেশি ক্রিকেটারের ভিড়ে দলটা হয়ে উঠেছে বিপিএলের অন্যতম ভারসাম্যপূর্ণ ও নজরকাড়া স্কোয়াড।
সরাসরি চুক্তিতেই তারা দলে টেনেছে খাওয়াজা নাফে, সুফিয়ান মুকিম, কাইল মেয়ার্স, ফাহিম আশরাফ, ইফতিখার আহমেদ ও ইংল্যান্ডের অভিজ্ঞ ব্যাটার ডেভিড মালানকে। স্থানীয়দের মধ্যে নুরুল হাসান সোহান ও মুস্তাফিজুর রহমানকে আগেই দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

নিলাম শেষে আরও শক্তিশালী হয়েছে রংপুর। যদিও কাইল মেয়ার্স, ইফতিখার ও মালান পুরো মৌসুম খেলতে পারবেন, ফাহিমকে নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে। সিলেট পর্বে যুক্ত হলেও পাকিস্তানের শ্রীলঙ্কা সফরের কারণে সাময়িকভাবে দেশে ফিরতে হতে পারে তাকে। তবে ১২ জানুয়ারির পর আবারও বিপিএলে যোগ দিতে পারবেন এই ডানহাতি পেস বোলিং অলরাউন্ডার।
বিদেশি ক্রিকেটার সংগ্রহে রংপুরের আগ্রাসন ছিল চোখে পড়ার মতো। নিলামের আগেই তারা নিশ্চিত করেছে খাওয়াজা নাফে ও সুফিয়ান মুকিমকে। নিলামে পেয়েছে আরেক ইংলিশ-ইতালিয়ান ব্যাটার এমিলিও গে এবং উইকেটকিপার মোহাম্মদ আখলাককে।

স্থানীয়দের তালিকাতেও দারুণ ভারসাম্য—লিটন দাস, তাওহীদ হৃদয়, নাহিদ রানা, রাকিবুল হাসান, আলিস আল ইসলাম, নাঈম হাসান, কামরুল ইসলাম রাব্বি, মৃত্যুঞ্জয় চৌধুরি, ইফতেখার হোসেন ইফতি, মাহমুদউল্লাহ রিয়াদ, আব্দুল হালিম ও মেহেদী হাসান সোহাগকে দলে টেনেছে রংপুর রাইডার্স।
গত আসরে ফরচুন বরিশালের হয়ে খেলেছিলেন ডেভিড মালান। নানা পরিস্থিতিতে এবার চ্যাম্পিয়নরা দলে রাখেনি তাকে। তাই নতুন মৌসুমে নতুন ঠিকানা খুঁজে নিয়েছেন তিনি। ২৬ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া বিপিএলে রংপুর রাইডার্সের জার্সিতে দেখা যাবে ইংল্যান্ডের এই সাবেক ওপেনারকে।

সব মিলিয়ে বিদেশি তারকায় ভরপুর, অভিজ্ঞ–নবীনদের সুষম মিশেলে রংপুর রাইডার্স গড়েছে শক্তিশালী এক দল—যারা এবার শিরোপার লড়াইয়ে নিজেদের ব্যাপকভাবে প্রতিষ্ঠিত করতে প্রস্তুত।










