২৬৫ রান চেজ করে ম্যাচ জেতা—এও কি সম্ভব? এর আগে যে এমন কিছু কখনও ঘটেনি। হ্যাঁ, সবই সম্ভব, যদি দলের নাম হয় পাঞ্জাব কিংস।অবিশ্বাস্য, অকল্পনীয়, অনবদ্য—যে কোনো বিশেষণই কম পড়ে যাবে পাঞ্জাবকে বিশেষায়িত করতে। যত বাধাই সামনে আসুক না কেন, তারা ডিঙিয়ে যেতে পারে সবকিছুই। রানের এই বিশাল পাহাড় তাড়া করে পাঞ্জাব ভেঙে দিয়েছে আইপিএলের সকল রেকর্ড।
এদিন টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় দিল্লি। তবে বাকিটা ছিল লোকেশ রাহুল আর নিতিশ রানার ঝড়। পাঞ্জাবের বোলিং লাইনআপকে একেবারে ভেঙে দিয়েছেন এই দুজন মিলে। বইয়ে দিয়েছেন চার-ছক্কার বন্যা।
রানা ৪৪ বলে ৯১ রান করে ফিরলে ভাঙে ২২০ রানের বিশাল জুটি। আইপিএলের ইতিহাসে যা দ্বিতীয় সর্বোচ্চ পার্টনারশিপ। অন্য প্রান্তের রাহুলকে থামানো যায়নি। ৬৭ বলে ১৫২ রানের ইনিংস খেলে দিল্লিকে নিয়ে যান ২৬৪ রানের বিশাল পাহাড়ে।

লক্ষ্য ১২০ বলে ২৬৫। আপাতদৃষ্টিতে যা মনে হয় অসম্ভব বলে। কিন্তু, প্রথম বল থেকেই আক্রমণ চালিয়ে প্রিয়ানশ আরিয়া আর প্রভসিমরান সিং প্রমাণ করে দেন অসম্ভব বলে কোনো কিছুর অস্তিত্ব নেই। তাঁদের ১২৬ রানের ওপেনিং জুটি ভাঙে প্রিয়ানশ ১৭ বলে ৪৩ করে ফিরলে।
কিন্তু অন্য ওপেনার প্রভসিমরান থামেননি। নাকানি-চুবানি খাইয়েছেন দিল্লির বোলারদের। ২৯২ স্ট্রাইকরেটে নয় চার আর পাঁচ ছক্কায় করেন ৭৬ রান। বাকি গল্পটা ছিল অধিনায়ক শ্রেয়াস আইয়ারের। একেবারে জিতিয়েই মাঠ ছাড়ার পথে ৩৬ বলে করেন ৭১ রান।
এর আগে এই পাঞ্জাব কিংসই ২৬২ রান তাড়া করেছিল। এবার নিজেদের দুর্দমনীয়তার নতুন প্রমাণ দিয়ে নিজেদেরই পুরোনো রেকর্ড ভাঙলো আইয়ারের দল। ছয় উইকেটে এই ম্যাচ জিতে পাঞ্জাব যেন প্রশ্ন ছুড়ে দিল, এই পাঞ্জাবকে থামাবেন কিভাবে?
