অনন্য রাকিবুল, অনবদ্য রাকিবুল— ব্যাট কিংবা বল হাতে যেন ঝড় হয়ে সাউথ আফ্রিকাকে একাই উড়িয়ে দিলেন। অল্প পুঁজিতেও যে সফল হওয়া যায়, সেটা রাকিবুল হাসান প্রমাণ করলেন। তাই তো বাংলাদেশ ইমার্জিং দলও সাউথ আফ্রিকার বিপক্ষে জয়টাও পেল ৩৪ রানের।
শুরুতে ব্যাট হাতে বাংলাদেশের বিপর্যয়।একে একে সবাই সাজঘরে ফিরে গেলেও রাকিবুল ডুবন্ত জাহাজের উদ্ধারকাজ শুরু করেন৷
মাহফুজ রাব্বিকে সঙ্গে নিয়ে লড়াই চালাতে থাকেন।ব্যাট হাতে নিজের সক্ষমতার প্রমাণ রেখেছিলেন প্রথম ম্যাচেও৷ তবে আজকে আরও দায়িত্বশীল ইনিংস খেলে নিজের ব্যাটিংটা ঝালিয়েছেন রাকিবুল।তাঁর করা ৪০ বলে ৪২ রানের ঝলমলে ইনিংস বাংলাদেশের জন্য তখন সোনার চেয়ে মূল্যবান।
প্রথম দুই ওয়ানডেতে ৩০০-এর বেশি রান হওয়া পিচে বাংলাদেশ আজ সংগ্রহ করে মাত্র ২২৫।তাই তো প্রশ্ন ছিল— এত অল্প রানে আফ্রিকার দুর্দান্ত ব্যাটিং লাইনআপকে আটকে রাখা যাবে কি?

উত্তরটা বোধহয় তৈরি করে রেখেছিল বাংলাদেশের বোলাররা। আর যার শুরুটা হয় রাকিবুলের হাত ধরেই। ১০ রানের মাথায় আফ্রিকার ওপেনার মিকাইল প্রিন্সকে ফিরিয়ে দিয়ে জয়ের বিশ্বাস জন্ম দেন রাকিবুল।
এরপর থেকে আফ্রিকান ব্যাটারদের রীতিমতো বেঁধে রাখেন ওয়াসি-রাব্বিরা। স্পিন জাদুতে মুখ থুবড়ে পড়ে আফ্রিকার ব্যাটিং লাইনআপ। মাহফুজ রাব্বি ও ওয়াসি সিদ্দিকি শিকার করেন ২টি করে উইকেট।
তবে ম্যাজিকটা দেখান রাকিবুল। ১০ ওভার বল করে ২৬ রান দিয়ে তুলে নেন চারটি উইকেট। আর ওখানেই ধরাশায়ী সাউথ আফ্রিকা ইমার্জিং দল।৩৪ রানের জয়ে ২-১ সিরিজ জিতে নিল বাংলার যুবারা।

জিতলেই সিরিজ জয় সমীকরণে বাংলাদেশের বুক চিতিয়ে লড়াই। আকবরের দলের চোখে স্বপ্ন আর মনে বিশ্বাসটা ছিল “আমরা পারবো।” তাদের হাত ধরেই শেষমেশ জয়ের হাসিটা বাংলাদেশই হাসলো।











