অধিনায়কের অবহেলার শিকার সাকিব!

টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম বাহাতি বোলার হিসেবে ৫০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন সাকিব আল হাসান। ম্যাচে দুই ওভার হাত ঘুরিয়ে ১১ রানে শিকার করেছেন তিন উইকেট। সংখ্যাটা বাড়তে পারতো যদি সাকিবকে ঠিকঠাক কাজে লাগাতেন অধিনায়ক ইমাদ ওয়াসিম।

টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম বাহাতি বোলার হিসেবে ৫০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন সাকিব আল হাসান। ম্যাচে দুই ওভার হাত ঘুরিয়ে ১১ রানে শিকার করেছেন তিন উইকেট। সংখ্যাটা বাড়তে পারতো যদি সাকিবকে ঠিকঠাক কাজে লাগাতেন অধিনায়ক ইমাদ ওয়াসিম।

সেইন্ট কিটসের বিপক্ষে ম্যাচে সাকিব যখন বোলিংয়ে এলেন ততক্ষণে পার হয়ে গেছে ১৪ ওভার। তর্ক ছাড়াই দলের সেরা বোলারকে প্রায় শেষ সময়ে বল হাতে তুলে দিলেন ইমাদ। বোধহয় ভুলেই গিয়েছিলেন একাদশে সাকিবও আছেন।

ব্যাটারদের জন্য ট্রিকি কন্ডিশন, পিচে টার্নও ছিল, এক কথায় আদর্শ স্পিন-ফ্রেন্ডলি উইকেট। বিশেষ করে সাকিবের মতো বিশ্বসেরা স্পিনারের জন্য উপযুক্ত মঞ্চ।

 

১৫তম ওভারে সাকিব বল হাতে নেওয়ার পরই বোঝা গেল সে কথা। তৃতীয় বলেই প্রায় উইকেট তুলে ফেলেছিলেন। তবে সিলস ধরতে না পারায় ৫০০ উইকেটের মাইলফলক ছোঁয়া হয়নি। তাতে কী, সাকিব ওই ওভারের শেষ বলেই ঠিক উইকেট নিলেন। চলে গেলেন ব্রাভো, রশিদ, তাহির, নারিনদের মতো কিংবদন্তিদের কাতারে।

পরের ওভার যখন করতে এলেন আরও দুই উইকেট নিজের ঝুলিতে পুরলেন, নিজের বোলিং কোটা শেষ করলেন ২ ওভারে ১১ রানের বিপরীতে তিন উইকেট নিয়ে। সাকিবের মতো বিচক্ষণ বোলার অধিনায়কের ভুলে প্রতিনিয়ত বল করতে আসছেন ১৩-১৪ ওভারের পর। অর্থাৎ ভালো করলেও যেখানে আর পুরো কোটা বোলিং করার সুযোগ হচ্ছে না। দলের কৌশলগত ভুলে প্রতিপক্ষও ফায়দা তুলে নিচ্ছে। তাই তো প্রশ্ন উঠছে— এটা কি শুধু অধিনায়কের অদূরদর্শিতা, নাকি ইচ্ছাকৃত অবহেলা?

ইনিংস শেষে সাকিবের মুখভঙ্গিই যেন বলে দিচ্ছিল সবকিছু। উইকেট পেলেও তিনি একেবারেই খুশি নন। নিজের বোলিং কোটা ঠিকঠাক পূর্ণ করতে পারেননি। সাক্ষাৎকারে একই হতাশা ফুটে উঠল তার কথায়, উঠে এলো আসর জুড়ে ফুল কোটা বোলিং করতে না পারার আফসোসও।

ইমাদ ওয়াসিমের এমন কাণ্ড শুধু এই ম্যাচেই নয়, টুর্নামেন্ট জুড়েই একই ধারা দেখা গেছে। সাকিবকে আনা হচ্ছে দেরিতে, দেওয়া হচ্ছে সীমিত ওভার, অথচ দলে কার্যকারিতা দেখাতে ব্যর্থ হচ্ছেন অন্যান্য বোলাররা। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে পুরো দলই। ইমাদ বোধহয় কিংবদন্তির মূল্যটা বোঝেন না, বুঝলে অন্তত এরকম অপরিপক্বতা দেখাতেন না। অবহেলায় হারিয়ে ফেলতেন না সাকিবের করা একেকটা মহামূল্যবান বল।

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link