সাকিব আল হাসানের করা এক ভুলেই থেমে যেতে বসেছিল অ্যান্টিগা এন্ড বার্বুডা ফ্যালকনসের এবারের সিপিএল যাত্রা। বল হাতে মন্দের ভালো তবে ব্যাটিংয়ে সাকিবের হঠকারী সিদ্ধান্তটা হতে পারতো হারের কারণ। জিতলে প্লে-অফ হারলে অন্য দলের প্রতীক্ষায় চেয়ে থাকা, এমন সমীকরণের সামনে দাঁড়িয়ে এ যাত্রায় রক্ষা পেল অ্যান্টিগা।
গায়ানার টিপিক্যাল কন্ডিশনে ব্যাটারদের জন্য কিছুই ছিল না। সেটা বুঝতে পেরেই টসে জিতে অ্যান্টিগার অধিনায়ক ইমাদ ওয়াসিম প্রতিপক্ষকে শুরুর আমন্ত্রণ জানান। জেইডেন সিলসের বোলিং তোপে গায়ানা ওয়ারিওর্সের ব্যাটাররা নিরুপায় হয়ে সাজঘরের পথে হাঁটতে থাকে। তাঁর সাথে উসামা মির যোগ দিলে একপ্রকার ধ্বংসস্তুপে পরিণত হয় ব্যাটিং অর্ডার।
সাকিবও অবশ্য যোগ দেন উইকেট তোলার প্রতিযোগিতায়। নিজের প্রথম ওভারের শুরুটা ভালো হয়নি, দেন ১১ রান। দ্বিতীয় ওভারের প্রথম বলে গুদাকেশ মতি চার হাঁকালেও ঠিক পরের বলেই সাকিবের বুদ্ধিদীপ্ত বোলিংয়ে কাঁটা পড়েন তিনি। শেষ পর্যন্ত সাকিবের বোলিং ফিগার দাঁড়ায় ৪ ওভারে ২৮ দিয়ে এক উইকেট।

জেইডেন সিলসের চার আর উসামা মিরের তিন শিকারে গায়ানা গুটিয়ে যায় মাত্র ৯৯ রানেই। দলের হয়ে সর্বোচ্চ ২৬ রান আসে শাই হোপের ব্যাট থেকে।
১০০ রানের লক্ষ্যমাত্রা সহজ মনে হলেও আদতে এই রান চেজ করাটা যে খুব সহজ হবে না তা অনুমেয় ছিল, হলোও তাই। প্রথম ওভারে ডোয়াইন প্রিটোরিয়াসের আঘাতে ফিরতে হয় আন্দ্রিস গোসকে। পরিস্থিতি কিছুটা সামলে উঠার চেষ্টা করেন আমির জানগু এবং কেভিন ওয়েখেম মিলে। তবে বিপত্তি বাধে চতুর্থ ওভারের মাথায়। টানা দুই বলে দুই উইকেট তুলে ম্যাচের মোমেন্টাম নিজেদের করে নেন ইমরান তাহির।
২৩ রানে তিন উইকেট হারিয়ে ফেলে অ্যান্টিগা। ক্রিজে সাকিব এলেন, দলের দায়িত্ব কাঁধে নেওয়ার এক আদর্শ মঞ্চ। তাহিরের হ্যাটট্রিক বলকে সিঙ্গেলে পরিণত করলেন। তবে তাঁর পরের ওভারের প্রথম বলে মইন আলীকে অপ্রয়োজনীয় রিভার্স সুইপ করতে গিয়ে লেগ বিফোরের শিকার হন। এক রান করে সাজঘরে ফেরেন, দলের চাপ আরও বাড়িয়ে দেন।

একপ্রান্ত আগলে রাখা আমির জানগু লড়াই চালিয়ে যান। সঙ্গী হন ইমাদ ওয়াসিম। ২৯ রানের জুটি গড়ে ওঠে দুজনের। দলীয় ৬৫ রানের মাথায় ইমাদ রান আউটে কাঁটা পড়লে আশঙ্কার মেঘ আবারও ঘনীভূত হয় অ্যান্টিগার আকাশে। তবে সব সংশয় উড়িয়ে দেন জানগু, আসরের দ্বিতীয় ফিফটি তুলে নেন, ৫১ রানের ইনিংস খেলে নিশ্চিত করেন দলের জয়।
চার উইকেটের লড়াকু এক জয় পায় সাকিবের দল। অ্যান্টিগা এন্ড বার্বুডা ফ্যালকনসের হাতে ওঠে প্রথমবারের মতো প্লে-অফের টিকিট। দিনশেষে সাকিবের ব্যাটিং ব্যর্থতা এই যাত্রায় খুব একটা প্রভাব ফেলেনি।










