হায়দ্রাবাদের দুর্গে আটকে গেল চেন্নাই!

ব্যাট হাতে আগ্রাসন আর বল হাতে নিয়ন্ত্রণ, দুইয়ের সমন্বয়ে ঘরের মাঠে চেন্নাই সুপার কিংসকে নাস্তানাবুদ করল সানরাইজার্স হায়দ্রাবাদ। ১০ রানের জয় নিয়ে উঠে এল পয়েন্ট টেবিলের চার নম্বরে।

ব্যাট হাতে আগ্রাসন আর বল হাতে নিয়ন্ত্রণ, দুইয়ের সমন্বয়ে ঘরের মাঠে চেন্নাই সুপার কিংসকে নাস্তানাবুদ করল সানরাইজার্স হায়দ্রাবাদ। ১০ রানের জয় নিয়ে উঠে এল পয়েন্ট টেবিলের চার নম্বরে। পায়ের তলার মাটি আরও বেশি শক্ত করল ইশান কিষাণের দল।

এদিন শুরুতে ব্যাট করতে নামা হায়দ্রাবাদকে দারুণ শুরু এনে দেন অভিষেক শর্মা আর ট্রাভিস হেড। দুজনে মিলে করেন ৭৫ রান। হেড ২৩ রানে ফেরার পর গোল্ডেন ডাকের দেখা পান অধিনায়ক ঈশান কিষাণ।

দলের ইতিহাসে দ্রুততম ফিফটি তুলে নেওয়া অভিষেকের পর ক্রিজ আগলে রাখার কাজটা করেন হেনরিখ ক্লাসেন। দুজনের ব্যাট থেকেই আসে সমান ৫৯ রান। হায়দ্রাবাদ ইনিংস শেষ করে নয় উইকেটে ১৯৪ রান তুলে।

তাড়া করতে নেমে চেন্নাইয়ের শুরুটা হলো একেবারেই সাদামাটা। দলের ভরসা সাঞ্জু স্যামসন কাটা পড়েন শুরুতেই। এরপর আয়ুশ মাহত্রে আর ম্যাথু শর্ট কিছুটা আশা বাঁচিয়ে রাখেন চেন্নাইয়ের। তবে সেটা খুব যৎসামান্য।

১৯৫ রান তাড়া করা এখন আইপিএলের নিত্যদিনের ঘটনা। তবু চেন্নাই সে কাজে ব্যর্থ হয়েছে শেষদিকে কোনো ব্যাটার দলের হাল ধরতে না পারায়। শিভম দুবেরা আস্থার প্রতিদান দিতে না পারায় চেন্নাই থামে ১৮৪ রান করে। ইশান মালিঙ্কা শিকার করেন তিন উইকেট।

শেষটাতে নথিভুক্ত হয় হায়দ্রাবাদের ১০ রানের জয়। তাতেই পয়েন্টের চার নম্বরে নিজেদের অবস্থান করে নেয় ইশান বাহিনী। আর চেন্নাইয়ের সামনে আরও একবার হতাশার হাতছানি।

লেখক পরিচিতি

বেঁচে আছি না পড়া বইগুলো পড়ব বলে

Share via
Copy link