প্লে-অফের হিসাব আগেই শেষ লখনৌ সুপার জায়ান্টাসের। তবে একটা হিসাব বাকি ছিল মিচেল মার্শের। নিজেকে বাইশ গজের ত্রাস হিসেবে আরও একবার প্রমাণ করার ভূত চেপেছিল ঘাড়ে। তাই তো কেবল নিয়ম রক্ষার ম্যাচে নেমেই চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ঝলসে উঠল তাঁর তরবারি।
১৮৮ রানের লক্ষ্যকে একেবারে সহজ বলা যায় না। কিন্তু, রুতুরাজ গায়কোয়াডের সিএসকের হাত থেকে পাওয়ারপ্লের মধ্যেই ম্যাচ বের করে ফেলেন মার্শ। শুরুর ছয় ওভারেই তাঁর ব্যাট থেকে আসে ৫৭ রান।

মার্শের ব্যাট কতটা ধারালো ছিল না বুঝতে গেলে স্কোরকার্ডের দিকে তাকালেই হয়। ৩২ বলে মাত্র ৩৬ রান করে যখন অন্য ওপেনার জস ইংলিশ প্যাভিলিয়নের পথ ধরেন তাঁর আগেই ১৩৫ রান এসে গেছে লখনৌর।
ক্রিজে ছিলেন ৩৮ বল। তাতেই নয় বার চার মেরেছেন, ছয় হাঁকিয়েছেন সাত-সাত বার। আরেকটু সময় থাকলেই তিন অংকের ম্যাজিকাল ফিগারটা স্পর্শ করে ফেলতেন। কিন্তু, রানআউটের ফাঁদে কাটা পড়তে হলো ৯০ রানের ঘরে। বিষাদের পাহাড় বুকে চেপে সাজঘরে ফিরেছেন ঠিকই তবে লখনৌর জন্য জয়ের রাস্তা করে দিয়েছেন।











