ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ(আইপিএল) ফাইনালের সময় ভারত সফরে আসতে পারেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি। আর এই সম্ভাবনাকে ঘিরেই ক্রিকেট বিশ্বে শুরু হয়েছে তীব্র আলোচনা ও জল্পনা। আইসিসির আসন্ন নির্ধারিত বৈঠককে কেন্দ্র করে এখন সবচেয়ে বড় প্রশ্ন, নাকভি কি সত্যিই ভারতের মাটিতে পা রাখবেন?
আইসিসির সূচি অনুযায়ী, আগামী ২১ মে ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে প্রধান নির্বাহীদের কমিটির বৈঠক। এরপর ৩০ ও ৩১ মে ভারতের আহমেদাবাদে বসবে আইসিসি বোর্ডের সরাসরি সভা। শুরুতে এই গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা ছিল কাতারের দোহায়, কিন্তু পশ্চিম এশিয়ার পরিস্থিতির কারণে শেষ মুহূর্তে তা স্থানান্তর করে আনা হয় ভারতে।
এই সিদ্ধান্তের পরই তৈরি হয়েছে নতুন জটিলতা। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভির ভারত সফর এখন সবচেয়ে সংবেদনশীল ইস্যুতে পরিণত হয়েছে। নিয়ম অনুযায়ী আইসিসি বোর্ড সভায় পাকিস্তানের প্রতিনিধিত্ব করার কথা তাঁরই। কিন্তু রাজনৈতিক বাস্তবতা এবং ভারত–পাকিস্তান ক্রিকেট সম্পর্কের টানাপোড়েনের কারণে তার উপস্থিতি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

আর ঠিক এই সময়েই আলোচনায় আসে আইপিএল ফাইনাল। একই শহর আহমেদাবাদে অনুষ্ঠিত হবে আইপিএল ২০২৬-এর শিরোপা নির্ধারণী ম্যাচ। ফলে মে মাসের শেষ সপ্তাহে শহরটি পরিণত হবে বিশ্ব ক্রিকেটের কেন্দ্রবিন্দুতে, একদিকে আইসিসির প্রশাসনিক বৈঠক, অন্যদিকে ফাইনাল।
এর মাঝেই পাকিস্তানি গণমাধ্যম দাবি করেছে, নাকভিকে নাকি আইপিএল ফাইনালে অংশ নেওয়ার জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়েছে। তবে এই তথ্য এখনও নিশ্চিত হয়নি। ভারতের পক্ষ থেকেও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
ফলে প্রশ্ন আরও বড় হয়ে উঠেছে, নাকভি কি শুধুমাত্র আইসিসি বোর্ড মিটিংয়ে অংশ নিতে আসবেন, নাকি আইপিএল ফাইনাল ঘিরেও দেখা যাবে তার উপস্থিতি?

মহসিন নাকভি শুধু পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নন, তিনি দেশের ফেডারেল স্বরাষ্ট্রমন্ত্রী এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতিও। ফলে তার যেকোনো বিদেশ সফর স্বাভাবিকভাবেই রাজনৈতিক গুরুত্ব বহন করে।










