আটলান্টিক মহাসাগরের বুকে জেগে থাকা ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে এবারের বিশ্বকাপে যেন এক রহস্যময় চরিত্র। শক্তিশালী স্পেন ও উরুগুয়ের সাথে ড্র করে প্রথমবারের মতো খেলতে আসা এই দলটি এখন পরবর্তী রাউন্ডের স্বপ্ন দেখছে। রূপকথার ইতিহাস গড়তে তাদের ভাগ্য এখন তাদেরই হাতে।
কেপ ভার্দের সামনে এখন দুইটি পথ খোলা আছে। তারা যদি তাদের শেষ ম্যাচে সৌদি আরবের বিপক্ষে জয় পায়, তবে তাদের পয়েন্ট হবে পাঁচ।
সেক্ষেত্রে গ্রুপ রানার আপ হওয়ার যোগ্য দাবিদার হয়ে উঠবে তারা। অবশ্য উরুগুয়েকে হারতে হবে স্পেনের কাছে, যেটার স্বপ্ন দেখতেই পারে বুবিস্তার দল।

আর যদি সৌদি আরবের বিপক্ষে ম্যাচটি ড্র হয়। কিংবা এমন কোনো ফলাফল আসে যাতে তারা গ্রুপে তিন পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকে, তবে তারা সরাসরি বাদ পড়বে না।
৪৮ দলের বিশ্বকাপে ১২টি গ্রুপের প্রতিটি থেকে সেরা দুটি দল সরাসরি পরবর্তী রাউন্ডে ওঠে। বাকি আটটি দল নেওয়া হয় সব গ্রুপের তৃতীয় স্থান অর্জনকারী দলগুলোর মধ্যে থেকে।
বর্তমানে দুই পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানের দলগুলোর মধ্যে সেরা পাঁচেই অবস্থান করছে কেপ ভার্দে। অর্থাৎ, এক্ষেত্রে অন্যান্য গ্রুপের তৃতীয় স্থানের দলের দিকে তাকিয়ে থাকতে হবে তাদের।

গ্রুপ রানার আপ হয়ে কোয়ালিফাই করলে রাউন্ড অব ৩২ এ তাদের সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে আর্জেন্টিনা। আর গ্রুপের তৃতীয় স্থানে থেকে কোয়ালিফাই করলে পরবর্তী রাউন্ডে ইংল্যান্ডের মুখোমুখি হতে পারে তারা।











