গার্দিওলা কি ইতালির দায়িত্ব নিচ্ছেন?

গার্দিওলা কি সত্যিই ইতালির দায়িত্ব নেবেন? বিশ্ব ঐতিহ্যের মঞ্চে ফেরাবেন আবারও আজ্জুরিদের? নাকি অন্য কোনো নতুন ঠিকানায় থিতু হয়ে ছড়াবেন নিজের ফুটবল দর্শনের দীপ্তি? সময়ই দেবে এই জবাব।

বিশ্বকাপে নেই, খেলাতেও নেই সেই চেনা দাপট। ইতালির ফুটবল আকাশে এখন শুধুই জমাট কালো মেঘ। টানা তিনবার বিশ্বমঞ্চে খেলতে না পারা আজ্জুরিরা তুমুল দু:সময় পার করছে এখন। ঐতিহ্যের এই সংকট মেটাতে এবার চারবারের বিশ্বজয়ীরা হাত বাড়িয়েছে আধুনিক ফুটবলের মহান জাদুকর পেপ গার্দিওলার দিকে।

সম্প্রতি ইতালিয়ান ফুটবল ফেডারেশন বড় এক প্রস্তাব নিয়ে হাজির হয়েছে তার ডেরায়। কিন্তু সেই আলোচনা স্থায়ী হয়েছে মাত্র ৬০সেকেন্ড! ম্যানচেস্টার সিটির সোনালী অধ্যায় চুকিয়ে পেপ এখন দীর্ঘ বিশ্রামের মুডে। ফুটবল থেকে অন্তত এক বছরের ছুটি নিতে চান তিনি। মুঠোফোনে ইতালিয়ান ফেডারেশনকে তেমনটিই জানিয়েছেন তিনি।

জেনারো গাত্তুসোর বিদায়ের পর নীল শিবিরে চলছে আমূল সংস্কার। নতুন প্রেসিডেন্ট জিওভানি মালাগো বড় দায়িত্ব সঁপেছেন কিংবদন্তি পাওলো মালদিনি আর লিওনার্দোর কাঁধে। তাদের মিশন যেকোনো মূল্যে ইতালির জন্য একজন যোগ্য কান্ডারি খুঁজে বের করা।

গার্দিওলা এই মুহূর্তে ‘না’ বলে দিলেও জল্পনা থেমে নেই। অনেকে মনে করছেন, পেপের জাদুকরী স্পর্শ পেতে এক বছর অপেক্ষা করতেও রাজি ইতালি। তবে তাৎক্ষণিক বিকল্প হিসেবে আলোচনায় আছেন আন্দ্রে পিরলো। দৌঁড়ে আছেন অভিজ্ঞ আন্তোনিও কন্তে আর রবার্তো মানচিনির মতো কোচরাও।

এদিকে, গার্দিওলাকে পেতে ইতালির সঙ্গে সঙ্গে চেষ্টা করছে নেদারল্যান্ডস আর ইংল্যান্ডও। টমাস টুখেল আরও কয়েকদিন ইংল্যান্ডের দায়িত্ব সামলাবেন বলে গুঞ্জন থাকলেও পেপের ওপর নজর রাখছে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন। আর বিশ্বকাপের ব্যর্থতা ভুলে ডাচরাও নতুন করে শুরুর তাগিদে গার্দিওলাকে চাইছে ডাগআউটে।

এখন দেখার বিষয়, গার্দিওলা কি সত্যিই ইতালির দায়িত্ব নেবেন? বিশ্ব ঐতিহ্যের মঞ্চে ফেরাবেন আবারও আজ্জুরিদের? নাকি অন্য কোনো নতুন ঠিকানায় থিতু হয়ে ছড়াবেন নিজের ফুটবল দর্শনের দীপ্তি? সময়ই দেবে এই জবাব।

লেখক পরিচিতি

সাব এডিটর

Share via
Copy link