বৃষ্টি সেমিফাইনালে তুলল বাংলাদেশকে!

একটি বলও মাঠে গড়াল না, ব্যাট হাতে নামতে হলো না কাউকে, এমনকি বল হাতে বাংলাদেশের কোনো বোলারকেও পরীক্ষা দিতে হলো না। অথচ এশিয়ান গেমসের নারী ক্রিকেটে সেমিফাইনালের টিকিট পকেটে পুরে ফেলেছে বাংলাদেশ।

একটি বলও মাঠে গড়াল না, ব্যাট হাতে নামতে হলো না কাউকে, এমনকি বল হাতে বাংলাদেশের কোনো বোলারকেও পরীক্ষা দিতে হলো না। অথচ এশিয়ান গেমসের নারী ক্রিকেটে সেমিফাইনালের টিকিট পকেটে পুরে ফেলেছে বাংলাদেশ।

নাগোয়ার আকাশজুড়ে জমে থাকা মেঘ ভারি বর্ষণ হয়ে নেমে পুরো মাঠকে খেলার অনুপযুক্ত করে ফেলে। ম্যাচের সময় রোদ ছিল আকাশে, তবে ভেজা আউটফিল্ড আর শুকোয়নি। ফলাফল, কোয়ার্টার ফাইনাল খেলতে হলো না নিগার সুলতানা জ্যোতিদের। তাতে অবশ্য ক্ষতির বদলে লাভই হয়েছে। ম্যাচ পরিত্যক্ত হওয়ায় র‍্যাঙ্কিংয়ের সুবিধায় সরাসরি শেষ চারে জায়গা করে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

শুধু ম্যাচের দিনই নয়, এর আগের কয়েক দিনও নাগোয়ার বৃষ্টি বাংলাদেশের প্রস্তুতিতে বাধা হয়ে দাঁড়িয়েছিল। পুরোদমে অনুশীলনের সুযোগ না পাওয়ায় চীনের বিপক্ষে ম্যাচটি নিয়ে স্বাভাবিকভাবেই ছিল অনিশ্চয়তা। শেষ পর্যন্ত সেই অনিশ্চয়তার অবসান হলো ক্রিকেটীয় লড়াই ছাড়াই।

নিয়ম অনুযায়ী নির্ধারিত ২০ ওভারের ম্যাচ আয়োজন সম্ভব না হলে ফল নির্ধারণের জন্য সুপার ওভারের পথ খোলা ছিল। কিন্তু তার জন্যও প্রয়োজন ছিল অন্তত কিছুটা সময় মাঠে নামার। তবে ভেজা মাঠ বাগড়া দিল শেষ পর্যন্ত।  দুই দলের টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংই হয়ে উঠল ফল নির্ধারণের মাপকাঠি।

সেখানেই বড় ব্যবধানে এগিয়ে ছিল বাংলাদেশ। আইসিসির টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ১০, আর চীনের ৩৬। দুই দলের র‍্যাঙ্কিংয়ের এই ব্যবধানই শেষ পর্যন্ত বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করে দেয়।

তবে সেমিফাইনালের গল্পটা আর এতটা সহজ হওয়ার সুযোগ নেই। শেষ চারে বাংলাদেশের সম্ভাব্য প্রতিপক্ষ ভারত। শুক্রবার জাপান এবং ভারত কোয়ার্টার ফাইনালে যে দল জয়ী হবে, তাদের বিপক্ষেই সেমিফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ। সেক্ষেত্রে ভারতই যে সম্ভাব্য প্রতিপক্ষ, তা অনুমেয়ই। সেই সম্ভাবনা সত্যি হলে সামনে অপেক্ষা করছে পরিচিত এক প্রতিপক্ষ, যার কাছে কদিন আগেই এশিয়া কাপের সেমিফাইনালে হেরেছিল বাংলাদেশ।

সেই ম্যাচের স্মৃতি নিশ্চয়ই এখনো টাটকা জ্যোতিদের। তবে ক্রিকেটে প্রতিটি নতুন ম্যাচই নতুন গল্প লেখার সুযোগ। এশিয়া কাপের সেই হতাশাকে পেছনে ফেলে এবার এশিয়ান গেমসের মঞ্চে নিজেদের অন্য এক চেহারা দেখানোর লক্ষ্য বাংলাদেশের। চীনের বিপক্ষে ম্যাচটি খেলতে না পারায় সেই প্রস্তুতির বাস্তব পরীক্ষা অবশ্য হয়নি। ফলে সেমিফাইনালে নামার আগেই বড় প্রশ্ন, দীর্ঘ বৃষ্টিবিঘ্নিত প্রস্তুতির পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে কতটা দ্রুত নিজেদের ছন্দে ফিরতে পারে বাংলাদেশ?

লেখক পরিচিতি

স্টাফ রিপোর্টার

Share via
Copy link