ভিনিসিয়াসকে বিক্রির কথা ভাবছে রিয়াল?

এক সময় যা ছিল কল্পনাতীত, সেটিই এখন আলোচনার কেন্দ্রে এসে দাঁড়িয়েছে। রিয়াল মাদ্রিদের জার্সিতে ভিনিসিয়াস জুনিয়রের ভবিষ্যৎ কি সত্যিই অনিশ্চিত হয়ে পড়েছে?

এক সময় যা ছিল কল্পনাতীত, সেটিই এখন আলোচনার কেন্দ্রে এসে দাঁড়িয়েছে। রিয়াল মাদ্রিদের জার্সিতে ভিনিসিয়াস জুনিয়রের ভবিষ্যৎ কি সত্যিই অনিশ্চিত হয়ে পড়েছে?

কয়েক সপ্তাহ আগেও ফুটবল বোদ্ধাদের ধারণা ছিল, ব্রাজিলিয়ান তারকার নতুন চুক্তি শুধু সময়ের অপেক্ষা। কিন্তু নতুন চুক্তি নিয়ে দুই পক্ষের অবস্থানের কোনো দৃশ্য এখনও সামনে আসেনি। আর তাতেই  বাড়ছে উদ্বেগ। সত্যিই কি রিয়াল ছাড়ছেন ব্রাজিলিয়ান তারকা?

এখানেই আবার নাটকের মোড়। স্প্যানিশ সংবাদমাধ্যমের দাবি, আলোচনায় অচলাবস্থা কাটাতে না পারলে ভিনিসিয়াসকে বিক্রির সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না রিয়াল। কয়েক মাস আগেও এমন ভাবনা অসম্ভব মনে হলেও, এখন সেটিই নাকি বিকল্প পরিকল্পনার অংশ।

প্রতিবেদন বলছে, এই জটিলতার মূল কারণ বেতন। সংবাদমাধ্যমটির দাবি, রিয়ালে সর্বোচ্চ পারিশ্রমিক পেতে চান ভিনিসিয়াস। কিন্তু সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ দীর্ঘদিন ধরেই ক্লাবের বেতন কাঠামোয় ভারসাম্য বজায় রাখার নীতিতে অনড়। কিলিয়ান এমবাপ্পে ও জুড বেলিংহামের মতো তারকাদের উপস্থিতিতে সেই ভারসাম্য রক্ষা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

এরই মধ্যে সাংবাদিক রামোন আলভারেজ দাবি করেছেন, ক্লাবের ভেতরে সম্ভাব্য ট্রান্সফার নিয়েও আলোচনা শুরু হয়েছে। ক্লাব কখনোই একজন ফুটবলারের দাবিকে আর্থিক স্থিতিশীলতার ওপরে স্থান দেবে না। সমঝোতা না হলে বাজারমূল্য কমে যাওয়ার আগেই বিক্রির পথ বেছে নিতে পারে রিয়াল।

ইউরোপের বড় ক্লাবগুলো এই পরিস্থিতির দিকে নজরও রাখছে। বায়ার্ন মিউনিখ, ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি, এমনকি সৌদি আরবের ক্লাবগুলোর আগ্রহের গুঞ্জনও হাওয়ায় ভাসছে ভিনিকে নিয়ে।

ভিনিসিয়াস কি বার্নাব্যুতেই নিজের অধ্যায় চালিয়ে যাবেন, নাকি ফুটবল বিশ্ব দেখবে সাম্প্রতিক সময়ের সবচেয়ে আলোচিত এক দলবদল এখন সেটিই দেখার প্রতীক্ষা।

লেখক পরিচিতি

সাব এডিটর

Share via
Copy link