লাল কার্ড ইস্যুতে বালোগান-মেসিকে নিয়ে দ্বিমুখিতার প্রশ্ন

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র জিতলেও আলোচনার কেন্দ্রে ছিল না জয়। ছিল ফোলারিন বালোগানের বিতর্কিত লাল কার্ড এবং ফুটবল বিশ্বে একই ঘটনার ভিন্ন বিচার নিয়ে দ্বিমুখিতার নতুন প্রশ্ন।

একটি ট্যাকল, একটি ভিএআর রিভিউ, আর মুহূর্তেই বদলে গেল ম্যাচের দৃশ্যপট। শেষ ৩২-এর খেলায় বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র জিতলেও শেষ বাঁশির পর আলোচনার কেন্দ্রে ছিল না জয়। ছিল ফরোয়ার্ড ফোলারিন বালোগানের বিতর্কিত লাল কার্ড এবং ফুটবল বিশ্বে একই ঘটনার ভিন্ন বিচার নিয়ে দ্বিমুখিতার নতুন প্রশ্ন।

বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে বিশ্বকাপের নকআউট পর্বের ম্যাচে প্রথমার্ধেই যুক্তরাষ্ট্রকে এগিয়ে দেন বালোগান। কিন্তু দ্বিতীয়ার্ধের মাঝামাঝি তার ভাগ্য নাটকীয়ভাবে বদলে যায়।

বলের দখল ধরে রাখতে গিয়ে তার সঙ্গে লড়াইয়ে জড়িয়ে পড়েন তারিক মুহারেমোভিচ। দুজনের পা জড়িয়ে যাওয়ার পর রিপ্লেতে দেখা যায়, বালোগানের স্টাড প্রতিপক্ষের পায়ের পেছন দিক বেয়ে নেমে যায়।

মাঠের রেফারি রাফায়েল ক্লাউস প্রথমে ফাউল না দিলেও খেলা থামার পর ভিএআরের পরামর্শে মনিটরে দৃশ্য দেখে সরাসরি লাল কার্ড দেখান তিনি। সিদ্ধান্তটি ঘোষণার পর বিস্মিত হয়ে পড়েন বালোগান। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় তীব্র বিতর্ক।

সেখানেই উঠে আসে আরেকটি প্রশ্ন। বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে লিওনেল মেসির একই ধরনের একটি কঠোর চ্যালেঞ্জের কারণে কোনো কার্ড দেখানো হয়নি তাঁকে। অথচ বালোগানকে ঠিকই ড্রেসিংরুমে ফিরে যেতে হয়েছে। ফলে বিষয়টি নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন: বিশ্বকাপে সবার জন্য একই মানদণ্ড প্রয়োগ হচ্ছে কি-না।

বিবিসির ধারাভাষ্যকার ও সাবেক ইংল্যান্ড ফুটবলার সু স্মিথও সিদ্ধান্তটিকে অযাচিত বলে মনে করেন। তার ভাষায়, ধীরগতির রিপ্লেতে ঘটনাটি বিপজ্জনক মনে হলেও বাস্তব গতিতে এটি ছিল বল আড়াল করার স্বাভাবিক প্রচেষ্টা। যেটি দুর্ঘটনার নামান্তর।

গুরুতর ফাউলের কারণে অন্তত এক ম্যাচের নিষেধাজ্ঞা নিশ্চিত হওয়ায় শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচে বেলজিয়ামের বিপক্ষে খেলতে পারবেন না বালোগান। ফিফার শৃঙ্খলা বিধি অনুযায়ী এই ধরনের শাস্তির বিরুদ্ধে আপিলের সুযোগও নেই।

এরপরও দশজনের দল হয়েও ভেঙে পড়েনি যুক্তরাষ্ট্র। ম্যাচের শেষ দিকে মালিক টিলম্যানের দৃষ্টিনন্দন ফ্রি-কিকে জয় নিশ্চিত হয় মার্কিনীদের। জয় পেলেও বিশ্বকাপের এই রাতকে লাল-সাদা শিবির মনে রাখবে একটি বিতর্কিত সিদ্ধান্তর জন্যই।

লেখক পরিচিতি

সাব এডিটর

Share via
Copy link