টেলিভিশনের সামনে বসে একের পর এক বিস্ময়ে চিৎকার করছিল বিশ্ববিদ্যালয়ের বন্ধুরা। কেউ গুগলে খুঁজে দেখছে, কেউ বিশ্বাসই করতে চাইছে না। কয়েক ঘণ্টা আগেও যে ছেলেটা তাদের পাশে বসে অ্যাকাউন্টিংয়ের ক্লাস করেছিল, সেই ছেলেটাই এখন ৬ নম্বর জার্সি গায়ে লা লিগার মাঠে!
বন্ধুদের সেই বিস্ময়টাই যেন আজ ইতিহাস হয়ে দাঁড়িয়েছে। অ্যাকাউন্টিং ক্লাসের সেই সাধারণ ছেলেটাই এখন বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের অধিনায়ক। ফেরান তোরেসের অতিরিক্ত সময়ের একমাত্র গোলে আর্জেন্টিনাকে হারিয়ে ১৬ বছর পর আবার বিশ্বকাপ জিতেছে স্পেন। আর পুরো টুর্নামেন্টে মাঝমাঠ শাসন করে, দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে গোল্ডেন বলও জিতেছেন রদ্রি। কিন্তু এই গল্পটা বিশ্বকাপ দিয়ে শুরু হয়নি। শুরু হয়েছিল একটা ছোট্ট স্বপ্ন, দুই পৃথিবীর লড়াই আর অসংখ্য আত্মত্যাগ দিয়ে।
রদ্রির পরিবারে ফুটবলের চেয়ে পড়াশোনার মূল্য ছিল বেশি। বাবা চেয়েছিলেন ছেলে এক্সচেঞ্জ প্রোগ্রামে যুক্তরাষ্ট্রে গিয়ে পড়াশোনা করুক। কিন্তু রদ্রির মাথাজুড়ে তখন শুধু ফুটবল। শেষ পর্যন্ত ১৪ বছর বয়সে তাকে পাঠানো হয় যুক্তরাষ্ট্রের কানেকটিকাটের একটি সামার ক্যাম্পে। চারদিকে বন, লেক, কাঠের কেবিন—সবকিছু যেন সিনেমার দৃশ্য। কিন্তু তার কাছে সবচেয়ে বড় কষ্ট ছিল অন্য জায়গায়। না ছিল ফোন, না ছিল ইন্টারনেট। আর ঠিক তখনই শুরু হয়েছিল ২০১০ বিশ্বকাপ।
প্রতিদিন ক্যাম্পের অফিসে গিয়ে কাউন্সেলরদের জিজ্ঞেস করতেন, “স্পেন জিতেছে তো?” যখন শুনলেন প্রথম ম্যাচে স্পেন সুইজারল্যান্ডের কাছে হেরে গেছে, বিশ্বাসই করতে পারেননি। মনে হয়েছিল সবাই তাকে বোকা বানাচ্ছে। আর ফাইনালের দিন তো একপ্রকার যুদ্ধ করেই ১০ ইঞ্চির একটি কম্পিউটারে ম্যাচ দেখার অনুমতি জোগাড় করেছিলেন। ইনিয়েস্তা গোল করতেই আনন্দে লেকের চারপাশে দৌড়াতে শুরু করেন। আশপাশের আমেরিকানরা অবাক হয়ে দেখছিল—একটা ছেলে ফুটবলের জন্য কাঁদছে, চিৎকার করছে! কিন্তু তারা জানত না, সেই মুহূর্তটাই এক কিশোরের ভেতরে আরও বড় স্বপ্নের জন্ম দিচ্ছে।

রদ্রির জীবন সবসময় দুই পৃথিবীর মাঝখানে আটকে ছিল। একদিকে ফুটবল, অন্যদিকে পড়াশোনা। ছোটবেলা থেকেই পরিবারের সঙ্গে এক অলিখিত চুক্তি ছিল, ফুটবলার হতে চাইলে বিশ্ববিদ্যালয়ের পড়াশোনাও চালিয়ে যেতে হবে। সেই প্রতিশ্রুতি রেখেই ভিয়ারিয়ালে যোগ দেওয়ার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে অ্যাকাউন্টিং নিয়ে পড়াশোনা শুরু করেন।
এরপরই আসে সেই বিখ্যাত ঘটনা। লা লিগায় অভিষেকের পর বিশ্ববিদ্যালয়ের বন্ধুরা টেলিভিশনে তাকে দেখে হতবাক। কেউ বিশ্বাসই করতে পারছিল না, ক্লাসের সেই শান্ত ছেলেটাই স্পেনের সর্বোচ্চ লিগে খেলছে।
তবে পড়াশোনা আর ফুটবল একসঙ্গে চালানো মোটেও সহজ ছিল না। একদিন পরীক্ষার প্রস্তুতিতে এতটাই ডুবে ছিলেন যে ফোনই দেখেননি। কিছুক্ষণ পর হাতে নিয়ে দেখলেন অসংখ্য মিসড কল। সতীর্থ ফোন করে বললেন, “তুমি কোথায়? সবাই তো বাসে উঠে গেছে!” রদ্রি তখনও বুঝতে পারেননি কী হয়েছে। সেদিন যে ভ্যালেন্সিয়ার বিপক্ষে লা লিগা ম্যাচ ছিল, সেটাই ভুলে গিয়েছিলেন তিনি!
তারপর শুরু হয় সময়ের সঙ্গে দৌড়। দ্রুত গাড়ি চালিয়ে হোটেলে পৌঁছালেও দলীয় মিটিং শুরু হয়ে গিয়েছিল। কোচের কঠিন বকুনি খেতে হয়েছিল। পরে রদ্রি স্বীকার করেন, সেই ঘটনাই তাকে সবচেয়ে বড় শিক্ষা দিয়েছিল। একজন ভালো ফুটবলার হওয়া আর একজন প্রকৃত পেশাদার ফুটবলার হওয়ার পার্থক্য সেদিনই বুঝেছিলেন তিনি।
সেই শিক্ষা আর শৃঙ্খলাই ধীরে ধীরে তাকে বদলে দেয়। ভিয়ারিয়াল থেকে আতলেতিকো মাদ্রিদ, এরপর ম্যানচেস্টার সিটি, প্রতিটি ধাপে নিজেকে আরও পরিণত করেছেন। গোল করা নয়, দলের ছন্দ নিয়ন্ত্রণ করাই হয়ে ওঠে তার সবচেয়ে বড় শক্তি।

২০২৬ বিশ্বকাপে সেই রদ্রিকেই দেখেছে পুরো বিশ্ব। স্পেনের মাঝমাঠ যেন তার ইশারায় চলেছে। প্রতিপক্ষের আক্রমণ থামানো থেকে শুরু করে আক্রমণের ছন্দ তৈরি—সবখানেই ছিলেন তিনি।
রদ্রি বিশ্বাস করেন, ক্লাবের হয়ে জিতলে আনন্দ পায় একটি শহর, কিন্তু দেশের হয়ে জিতলে আনন্দে ভেসে যায় পুরো জাতি। তরেসের গোলের পর রাস্তায় স্পেনের শিশুরাও হয়তো রদ্রির মতোই চিৎকার করেছে, আনন্দে ভেসেছে, যেভাবে নিজের ইনিয়েস্তার গোলের পর লেকের চারপাশে দৌঁড়ে ছিলেন তিনি।
অ্যাকাউন্টিং ক্লাসের সেই মনোযোগী ছেলেটাই আজ বিশ্বকাপ হাতে দাঁড়িয়ে আছে। আর তার গল্পটা মনে করিয়ে দেয়, সব নায়ক জন্ম থেকেই নায়ক হয় না। কেউ কেউ বই, খাতা, পরীক্ষা আর স্বপ্ন, সব একসঙ্গে বয়ে নিয়ে একদিন ইতিহাস লিখে ফেলে।










