সুইজারল্যান্ডের দেয়াল ভেঙে অতিরিক্ত সময়ে আলভারেজ-লাউতারোর ম্যাজিক

ক্যানসাস সিটি স্টেডিয়ামে অতিরিক্ত সময়ের নাটকীয়তা শেষ পর্যন্ত লিওনেল মেসিদের পক্ষেই গেল। সুইজারল্যান্ডকে তিন-এক গোলে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিল আর্জেন্টিনা।

ক্যানসাস সিটি স্টেডিয়ামে অতিরিক্ত সময়ের নাটকীয়তা শেষ পর্যন্ত লিওনেল মেসিদের পক্ষেই গেল। সুইজারল্যান্ডকে তিন-এক গোলে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিল আর্জেন্টিনা।

ম্যাচের দশ মিনিটেই মেসির নিখুঁত কর্ণার কিক থেকে হেডে দলকে এগিয়ে দেন আলেক্সিস ম্যাক অ্যালিস্টার। এই গোলেই যেন আত্মবিশ্বাস ফিরে পায় আর্জেন্টিনা। তবে সাতষট্টি মিনিটে দারুণ এক আক্রমণ থেকে সমতা ফেরান ড্যান এনদোয়ে, ম্যাচ তখন জমে ওঠে পুরোদমে।

এরপরই ঘটে যায় লড়াইয়ের মোড় ঘুরিয়ে দেওয়া সেই ঘটনা। ম্যাচের বাহাত্তর মিনিটে লিয়ান্দ্রো পারেদেসের একটি চ্যালেঞ্জে ব্রিল এম্বোলো ফাউলের শিকার হয়েছেন বলে প্রথমে বাঁশি বাজান রেফারি। কিন্তু ভিএআর পর্যালোচনার পর সিদ্ধান্ত পাল্টে যায়। বোঝা যায়, এম্বোলো নিজেই নাটক করে পড়ে গিয়েছিলেন। ফল হিসেবে পারেদেসের বদলে হলুদ কার্ড দেখানো হয় এম্বোলোকেই, আর সেটাই ছিল তার দ্বিতীয় হলুদ কার্ড। সঙ্গে সঙ্গে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাকে। দশ জনের দলে পরিণত হয় সুইজারল্যান্ড।

এক জন কমে গেলেও সুইসরা ভেঙে পড়েনি, বরং পুরোপুরি রক্ষণাত্মক ছক কষে নেয়। বেশিরভাগ সময় নিজেদের অর্ধে জমাট রক্ষণ সাজিয়ে রাখায় বাড়তি খেলোয়াড় নিয়েও গোলের দেখা পেতে রীতিমতো বেগ পেতে হয় আর্জেন্টিনাকে। নির্ধারিত সময়ে আর কোনো গোল না হওয়ায় শেষ পর্যন্ত ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।

সেখানেই আবার জ্বলে ওঠে আর্জেন্টিনা। একশো বারো মিনিটে হুলিয়ান আলভারেজের অসাধারণ এক শটে ফের এগিয়ে যায় তারা। এরপর অতিরিক্ত সময়ের একদম শেষ মুহূর্তে দ্রুতগতির এক পাল্টা আক্রমণ থেকে থিয়াগো আলমাদার কাছাকাছি থেকে নেওয়া শট রুখে দেন গোলরক্ষক গ্রেগর কোবেল, কিন্তু ফিরতি বল বক্সের বাইরে থেকে জালে জড়িয়ে দেন লাউতারো মার্টিনেজ। তাতেই নিশ্চিত হয় তিন-এক ব্যবধানের জয়।

একজন কম নিয়েও দুর্দান্ত জেদ দেখানো সুইজারল্যান্ডের প্রতিরোধ শেষ পর্যন্ত ভেঙে দিলেন মেসি-আলভারেজরা। আগামী পনেরো জুলাই সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা। শিরোপা ধরে রাখার লড়াইয়ে কি এবারও শেষ হাসি হাসবে আলবিসেলেস্তেরা?

 

লেখক পরিচিতি

আমজাদ হোসেন আবির

সাব এডিটর

Share via
Copy link