গানারদের হতাশ করে রিয়ালেই থেকে গেলেন ভিনিসিয়াস!

রাজপুত্র কি সিংহাসন ছেড়ে চলে যাবেন, নাকি রাজত্বই তার আসল ঠিকানা? উত্তরটা এসেছে অবশেষে। ভিনিসিয়ুস জুনিয়র থেকে যাচ্ছেন রিয়াল মাদ্রিদে।

রাজপুত্র কি সিংহাসন ছেড়ে চলে যাবেন, নাকি রাজত্বই তার আসল ঠিকানা?

উত্তরটা এসেছে অবশেষে। ভিনিসিয়াস জুনিয়র থেকে যাচ্ছেন রিয়াল মাদ্রিদে।

চুক্তির মেয়াদ ছিল বাকি মাত্র এক বছর। ফুটবলে এই এক বছর একটা ঝুঁকির নাম — ছয় মাস পর থেকেই বিনা পয়সায় প্রাক-চুক্তি সেরে ফেলা যায় যেকোনো ক্লাবের সঙ্গে। ঠিক এই ফাঁকেই আগ্রহ দেখায় আর্সেনাল। ২২ বছর পর লিগ জেতা দলটা প্রস্তাব সাজিয়েছিল বুকায়ো সাকার রেকর্ড বেতনও ছাড়িয়ে যাওয়ার মতো।

তবু শেষ পর্যন্ত সিদ্ধান্তটা এসেছে সহজভাবেই — ভিনিসিয়াস জুনিয়র থেকে যাচ্ছেন রিয়াল মাদ্রিদে।

কারণটা খুব দূরে খুঁজতে হয় না। ২০২২ সালে প্যারিসে লিভারপুলের বিপক্ষে, ২০২৪ সালে ওয়েম্বলিতে ডর্টমুন্ডের বিপক্ষে — দুই চ্যাম্পিয়নস লিগ ফাইনালেই গোল করেছেন এই ফরোয়ার্ড। মাদ্রিদের সঙ্গে তার সম্পর্কটা তাই স্রেফ চুক্তির কাগজে আটকে নেই।

আলোচনা অবশ্য মাসের পর মাস ঝুলে ছিল। এমবাপ্পেকে ছাড়িয়ে ক্লাবের সর্বোচ্চ বেতনভুক্ত হতে চেয়েছিলেন ভিনিসিয়াস, আর সেই দাবি মেনে নিতেই সময় লেগেছে রিয়ালের। নতুন কোচ হোসে মরিনহোর দায়িত্ব নেওয়ার পরই বিষয়টা দ্রুত গতি পায় — তিনি শুরু থেকেই স্পষ্ট করে দেন, ভিনিসিয়াসকে ছাড়তে রাজি নন তিনি। আর্সেনাল ও রিয়ালের মধ্যে সরাসরি কোনো আলোচনা অবশ্য কখনোই হয়নি; পুরোটাই ছিল সম্ভাবনার হিসাব-নিকাশ। আর্সেনাল এখন নজর ঘুরিয়েছে পিএসজির ব্র্যাডলি বার্কোলার দিকে।

রিয়াল মাদ্রিদের জন্য এই খবরটা স্বস্তির। বদলে যাওয়া এই ট্রান্সফার মার্কেটে, যেখানে প্রতি গ্রীষ্মে বড় তারকারাও ক্লাব বদলান, সেখানে নিজেদের সবচেয়ে বড় সম্পদটা ধরে রাখতে পেরেছে তারা।

আর্সেনালের জন্য থেকে গেল কেবল একটা সম্ভাবনা, যেটা শেষ পর্যন্ত বাস্তব হলো না।

লেখক পরিচিতি

আমজাদ হোসেন আবির

সাব এডিটর

Share via
Copy link