মাদ্রিদে যে বিলাসবহুল প্রাসাদে থাকেন এমবাপ্পে

ফুটবলের ব্যস্ততা থেমে যায়। স্টেডিয়ামের আলো নিভে আসে। কিন্তু রিয়াল মাদ্রিদ তারকা কিলিয়ান এমবাপ্পের জীবন তখনও যেন স্পটলাইটেই থাকে।

ফুটবলের ব্যস্ততা থেমে যায়। স্টেডিয়ামের আলো নিভে আসে। কিন্তু রিয়াল মাদ্রিদ তারকা কিলিয়ান এমবাপ্পের জীবন তখনও যেন স্পটলাইটেই থাকে। মাদ্রিদের সবচেয়ে জাঁকজমকপূর্ণ অভিজাত এলাকার বাসিন্দা এমবাপ্পের ফুটবলের বাইরের জীবনও কাটে স্বাচ্ছন্দ্যে।

রিয়াল মাদ্রিদে যোগ দিয়ে নতুন জার্সির সঙ্গে নতুন ঠিকানাও বেছে নিয়েছেন ফরাসি তারকা। মাদ্রিদের সবচেয়ে অভিজাত আবাসিক এলাকা লা ফিঙ্কায় প্রায় ১২.৬ মিলিয়ন ডলার মূল্যের একটি বিলাসবহুল প্রাসাদ এখন তাঁর নতুন আবাস। এক সময় এই বাড়ির মালিক ছিলেন সাবেক রিয়াল তারকা ও ওয়েলস উইঙ্গার গ্যারেথ বেল।

 

প্রায় তিন হাজার বর্গমিটার জমির ওপর দাঁড়িয়ে থাকা বাড়িটিতে রয়েছে প্রায় ১,২০০ বর্গমিটার বসবাসের জায়গা। আটটি শয়নকক্ষ। ১১টি বাথরুম। ইনডোর ও আউটডোর সুইমিং পুল। ব্যক্তিগত সিনেমা হল। আধুনিক জিম। স্পা। সবুজ বাগান। বিশাল টেরেস। ছয়টি গাড়ির গ্যারেজ। এমনকি বেলের পছন্দে তৈরি একটি ব্যক্তিগত গলফ প্র্যাকটিস এরিয়াও এখন এমবাপ্পের সম্পদের অংশ।

তবে এই বাড়ির সবচেয়ে বড় আকর্ষণ শুধু বিলাসিতা নয়, নিরাপত্তাও। ইউরোপের সবচেয়ে সুরক্ষিত আবাসিক এলাকাগুলোর একটি হিসেবে পরিচিত লা ফিঙ্কায় রয়েছে ২৪ ঘণ্টার নিশ্ছিদ্র নিরাপত্তা, নিয়ন্ত্রিত প্রবেশব্যবস্থা এবং উন্নত নজরদারি। এখানেই একসময় বসবাস করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো, জিনেদিন জিদান ও ইকার ক্যাসিয়াসের মতো কিংবদন্তিরা।

অবশ্য রিয়াল মাদ্রিদে আসার আগেও রিয়েল এস্টেটে বড় বিনিয়োগ করেছিলেন এমবাপ্পে। প্যারিসে তাঁর প্রায় ৮ মিলিয়ন পাউন্ড মূল্যের বিলাসবহুল পেন্টহাউস রয়েছে। সেখানে আছে ১২টি শয়নকক্ষ, ব্যক্তিগত বাস্কেটবল কোর্ট ও টার্কিশ বাথ।

বাড়ির মতোই সমৃদ্ধ এমবাপ্পের গাড়ির সংগ্রহও। ফেরারি এসএফ৯০ স্ট্রাডালে, ফেরারি ৪৮৮ পিস্তা, ক্যাডিলাক এসকালেড ও বিএমডব্লিউ আই৭ সবই রয়েছে এই তালিকায়। তবে মজার বিষয়, নিজের ড্রাইভিং লাইসেন্স না থাকায় তিনি চালকের ওপরই নির্ভর করতেন।

মাত্র ২৭ বছর বয়সেই এমবাপ্পে মাঠের সাফল্যের পাশাপাশি গড়ে তুলেছেন বিলাসবহুল এক জীবন। মাদ্রিদের এই প্রাসাদ যেন শুধু একটি বাড়ি নয়, রিয়াল মাদ্রিদে তাঁর নতুন রাজত্বেরও প্রতীক।

লেখক পরিচিতি

সাব এডিটর

Share via
Copy link