ক্রিকেট মাঠে এমন দৃশ্য কেউ দেখতে চায় না। লুঙ্গি এনগিডির মাঠে পড়ে থাকার দৃশ্যে থমকে যায় দিল্লীর গ্যালারি।
দক্ষিণ আফ্রিকান এই ফাস্ট বোলার তখন ফিল্ডিং করছিলেন। ক্যাচটা নেওয়া খুব ছিল খুব সহজ না, আবার অসম্ভবও না। সেই ক্যাচ নিতে গিয়েই বিপদ ডেকে আনলেন।
অক্ষর প্যাটেলের বিপক্ষে প্রিয়ানশ আরিয়া এগিয়ে এসে খেলেছিলেন এক লফটেড শট। বলটা আকাশে উঠে যায়, মিড-অফের দিকে। এনগিডি পেছন দিকে দৌড়ান। শরীরটা অস্বাভাবিকভাবে পেছনের দিকে টেনে নিয়ে যাচ্ছিলেন তিনি। শেষ পর্যন্ত বল ধরতে পারেননি, কিন্তু মাটিতে পড়ার সময় তিনি খুব খারাপভাবে মাথায় আঘাত পান।

পড়ে যাওয়ার ভঙ্গিটা ছিল ভয়ঙ্কর। মাথাটা সরাসরি শক্ত আউটফিল্ডে আছড়ে পড়ে। অরুণ জেটলি স্টেডিয়ামের মাঠ তখন যেন পাথরের মতো শক্ত। সঙ্গে সঙ্গে বোঝা যায়, বিষয়টা গুরুতর।
মাঠে দ্রুত ছুটে আসেন ফিজিও আর ডাক্তাররা। এনগিডি তখন মাটিতে পড়ে আছেন, নড়াচড়া খুব একটা নেই। চারপাশে একটা চাপা আতঙ্ক। দর্শকেরা, যারা একটু আগেও চিৎকার করছিল, হঠাৎ করেই চুপ হয়ে যায়। পুরো স্টেডিয়াম নিস্তব্ধ।
তার সতীর্থরা, বিশেষ করে ডেভিড মিলার এবং ট্রিস্টান স্টাবস–এর মুখে স্পষ্ট দুশ্চিন্তা। এমন দৃশ্য যে কাউকে নাড়িয়ে দেয়। কোচ রিকি পন্টিং–ও ডাগআউট ছেড়ে মাঠে চলে আসেন।

এদিকে সাবধানতার সঙ্গে পুরো প্রক্রিয়া শুরু হয়। অ্যাম্বুলেন্স ডাকা হয়। নেক ব্রেস লাগিয়ে ধীরে ধীরে সব ব্যবস্থা করে এনগিডিকে স্ট্রেচারে তোলা হয়। সবাই বুঝে যায়, এই দফায় আর তার মাঠে ফেরা হচ্ছে না। তাকে সরাসরি হাসপাতালে নেওয়া হয়েছে। জয় পরাজয় ছাপিয়ে পার্থনা একটাই, দ্রুতই যেন তিনি ফিরে আসেন খেলার মধ্যে।










