‘একটা সময় পেস বোলাররা টেস্ট খেলতে চাইতো না, পর্যাপ্ত ম্যাচ না থাকায় আগ্রহ পেত না। এখন তারা খেলতে চায়, পারফর্ম করতে চায়, বিশ্বসেরা হতে চায়। এটা আমাদের সবচেয়ে বড় জয়, আমরা বিশ্বাস করি আরও এগিয়ে যাবো, ভবিষ্যতে স্পেশাল কিছু করব।’ নাজমুল হোসেন পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনে এগুলোই বলছিলাম অ্যাডাম গিলক্রিস্টকে। তবে কি সেই স্পেশাল জার্নির শুরুটা ডারউইনে দাঁড়িয়ে করল বাংলাদেশ?
টেস্ট ক্রিকেট, বছর পাঁচেক আগেও অনেকে নাক সিঁটকাতো। বাংলাদেশ টেস্ট বোঝেই না, খেলবে কি? ঘরের মাঠে নিজেদের মর্জি মতো পিচ বানিয়ে বড় দলকে হারানোর স্বাদ পেয়েছিল বটে। তবে দামি খাবার খেয়ে কখনও কখনও তৃপ্তির ঢেকুর তোলা যায় না। আদতে টেস্ট ক্রিকেটটা বাংলাদেশের জন্য না।
সেই ধারণা এখন নিশ্চয় পাল্টে যাবে। অস্ট্রেলিয়ার বিপক্ষে অস্ট্রেলিয়ার মাটিতে দাঁড়িয়ে চার দিনে টেস্ট জয় করা, তাও বিশাল ব্যবধানে। এটাকে নিশ্চয় কোনোভাবে হয়ে গেছে, বোলার সুযোগ নেই। এমন জয়কে ফ্লুক বলা অপরাধ। ধারাবাহিক চেষ্টার পর যে ফলটা হাতে আসে, এটাই সেই কাঙ্ক্ষিত মুহূর্ত।

টেস্টে বাংলাদেশ ঘুরে দাঁড়াতে শুরু করে ২০২২-এর পর থেকে। মুমিনুল হকের হাত ধরে উঠে দাঁড়ায়, কাদা-মাটি লেগে থাকা সাদা পোশাকটা একটু একটু করে গা ঝাড়া দিয়ে ওঠে, দূর হতে থাকে অপারগতার ছাপ এঁটে দেওয়া দাগগুলো।
নিউজিল্যান্ডের মাটিতে দাঁড়িয়ে বিজয়উল্লাসটাই মূলত বাংলাদেশের স্টেটমেন্ট ছিল। আমরা পারি, একদিন পারব। মাঝের সময়টাতে পাকিস্তানকে হারানো সেই বিশ্বাসটাকে পোক্ত করেছিল। এবার তো অবিশ্বাস্য এক কীর্তি করে বসল। অস্ট্রেলিয়া দলটার অজেয় দুর্গ জয় করে আসলো পুচকে বাংলাদেশ। অবশ্য এই পুচকে বিশেষণটা এখন অতীত। এই বাংলাদেশ জিততে শিখে গেছে।
মুমিনুলের অসমাপ্ত দায়িত্ব নাজমুল হোসেন শান্তর কাঁধে। ছেলেটা আরও বেশি ক্ষুধা নিয়ে বসে আছে। প্রতিপক্ষ কে, তাঁকে দেখে ভয় পাওয়া চেহারা বাংলাদেশের মুখ থেকে উধাও হয়েছে। শান্ত শিখিয়েছেন, খেলাটাই আসল, এখানে যে কেউ জিততে পারে, চাইলে আমরাও।

ভারত, ইংল্যান্ড কিংবা নিউজিল্যান্ডের মতো পরাক্রমশালী কোনো দল না হয়েও বাংলাদেশ দাপট দেখিয়ে জিতল। কলারটা উঁচু করে, শিরদাঁড়া শক্ত করে জানিয়ে দিল, আমরা এখন পারি, বিশ্বজয় করলেও অবাক হয়ো না। আসলেই, এই দলটা যদি বিশ্বজয় করে বসে অবাক হবেন কি? এখনও কি দুঃসাহসিক স্বপ্ন বলে উড়িয়ে দেবেন? হয়তো অনেকেই দেবেন, তবে শান্তর যেহেতু বিশ্বাস আছে, এই দলটা সত্যিই একদিন বিশ্বজয় করবে। সূচনা তো হয়েই গেছে।










