দক্ষিণ কোরিয়াকে হারিয়ে নক আউট পর্বে মেক্সিকো!

২০২৬ ফিফা বিশ্বকাপে রোমাঞ্চকর লড়াইয়ে লুইস রোমোর একমাত্র গোলে দক্ষিণ কোরিয়াকে ১-০ ব্যবধানে হারিয়েছে মেক্সিকো।

রোমাঞ্চকর এক লড়াই শেষে লুইস রোমোর একমাত্র গোলে দক্ষিণ কোরিয়াকে ১-০ ব্যবধানে হারিয়েছে মেক্সিকো। ঘরের মাঠে উত্তেজনায় ঠাসা এই জয়টি মেক্সিকানদের সবার আগে নকআউট পর্বে টিকিট দিয়ে দিল।

শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ মেক্সিকোর কাছে থাকলেও বারংবার ম্যাচে ফেরার সুযোগ তৈরি করেছে মুইং বো হং এর দল। ম্যাচের ১৬তম মিনিটে সন হিউং মিন বল জালে জড়ানোর কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন। তবে তাঁর চিপ করা বল মেক্সিকোর এডসন আলভারেজ অসাধারণ দক্ষতার সঙ্গে গোললাইন থেকে ভলি করে ক্লিয়ার করেন। যদিও পরে অফসাইডের বাঁশি বাজে।

এর কিছুক্ষণ পর ২০তম মিনিটে মেক্সিকোর কিনিওনেস চমৎকার একটি হেডার করেছিলেন। কিন্তু দক্ষিণ কোরিয়ার গোলরক্ষক কিম সিউং গিউ সেটি ঝাঁপিয়ে পড়ে দারুণভাবে রুখে দেন। প্রথমার্ধ শেষে কোনো দলই গোলের দেখা পায়নি।

দ্বিতীয়ার্ধ শুরু ঠিক পাঁচ মিনিটেই ম্যাচের মোড় পুরোপুরি ঘুরে যায়। কিনিওনেসের ক্রস থেকে জিমেনেজের হেডার নিয়ন্ত্রণে নিতে গিয়ে দক্ষিণ কোরিয়ার গোলরক্ষক কিম ভুল করে বসেন। বল হাত থেকে ফসকে গেলে সুযোগ সন্ধানী রোমো বলটি জালে ঠেলে দিয়ে স্বাগতিকদের ১-০ ব্যবধানে এগিয়ে দেন।

তবে ম্যাচের শেষ দিকে উত্তেজনা ছিল তুঙ্গে। ৮৫তম মিনিটে মেক্সিকোর ওবেড ভার্গাসের ডি বক্সের বাইরে থেকে নেওয়া জোরালো ডান পায়ের শটটি দারুণভাবে কর্নারের বিনিময়ে ঠেকিয়ে দেন কোরিয়ান গোলরক্ষক কিম সিউং গিউ।

তার ঠিক দুই মিনিট পরেই সমতায় ফেরার জন্য মরিয়া দক্ষিণ কোরিয়া পরপর দুটি সুযোগ তৈরি করে। প্রথমে ইম জি সুংয়ের ক্রস থেকে চো গু সাংয়ের হেড গোলরক্ষক রাউল রেঞ্জেল সরাসরি তালুবন্দী করেন এবং একই মিনিটে ইয়াং হিউন জুনের একটি শটও মেক্সিকান রক্ষণভাগ রুখে দেয়। শেষ পর্যন্ত রোমোর সেই গোলটিই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয় এবং মেক্সিকো পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে।

লেখক পরিচিতি

স্বপ্নীল ভূঁইয়া

সাব এডিটর

Share via
Copy link