অবশেষে দক্ষিণ আফ্রিকার বিশ্বজয়। টেম্বা বাভুমার হাত ধরে ২৭ বছরের অপেক্ষার অবসান। লর্ডসের মাঠে আজ আর কোনো অপ্রাপ্তি নয়, আর কোনো চোখের জল নয়। ক্রিকেট যেন আজ আফ্রিকাকে পূর্ণতা দিয়েছে।
২৮২ রানের পাহাড়সম টার্গেট, ফাইনালের বাড়তি চাপ, প্রতিপক্ষের ভয়ংকর পেস অ্যাটাক। পরিসংখ্যানে তাকালে লর্ডস টেস্টের ইতিহাসে ২০০-এর বেশি রান তাড়া করে জয় ছিল মাত্র চারটিতে। সবকিছু আফ্রিকা সামাল দিয়েছে স্রেফ বিশ্বাসের জোরে।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে সবকিছুই হলো, একদম আদর্শ টেস্ট ক্রিকেট রোমাঞ্চ। প্রথম ইনিংসে রাবাদার আগুনে বোলিংয়ে ২১২ রানে অজিদের থমকে যাওয়া, নিজেদের প্রথম ইনিংসে ১৩৮ রানে অলআউট হয়ে আফ্রিকার জয়ের থেকে প্রায় ছিটকে পড়া।

দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার ৭৩ রানে সাত উইকেট তুলে নিয়ে যখন আফ্রিকা ট্রফির স্বপ্ন দেখছে, তখনই স্টার্ক-হ্যাজেলউডের রেকর্ড পার্টনারশিপ। আফ্রিকার সম্ভাবনার কফিনে তখন প্রায় শেষ পেরেকটি ঠুকে দিচ্ছিল অজিরা।
তবে ক্ষীণ একটা সম্ভাবনা হয়তো খুঁজে পেয়েছিলেন এইডেন মার্করাম। যোগ্য সঙ্গী হিসেবে পেলেন কাপ্তান বাভুমাকে। দুই প্রান্তে দাঁড়িয়ে থাকা দুই বিশ্বস্ত সৈনিক যে ইতিহাসের নায়ক হবেন, তা হয়তো তখনও ভাবেনি কেউ।
হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েও বাভুমার হার না মানা মানসিকতা, অজি পেস আক্রমণের সামনে বুকভরা সাহস নিয়ে মার্করামের দাঁড়িয়ে থাকা—এসবই তো জয়ের মূলমন্ত্র ছিল আফ্রিকার জন্য।

লর্ডসের মাটি কামড়ে দুজনে ইতিহাস লিখতে শুরু করেন। বড় মঞ্চে বড় ব্যাটাররা জ্বলে ওঠে, মার্করামও নিজের জাত চেনালেন তুলে নিলেন সেঞ্চুরি। বাভুমাকে সাথে নিয়ে করলেন ১৪৭ রানের অনবদ্য জুটি। বাভুমা যখন সাজঘরে ফিরছিলেন, তখন নামের পাশে ৬৬ রানের যুদ্ধজয়ী এক ইনিংস।
বাভুমা থামলেও থামেনি মার্করামের ব্যাট। যখন দলের জয়ের জন্য মাত্র ছয় রান দরকার, তখন ১৩৬ রানে শেষ হয় তাঁর জীবনের সবচেয়ে সেরা ইনিংসটি।
শেষপর্যন্ত আফ্রিকা জয় পেল পাঁচ উইকেটে। ক্রিকেটের হোমগ্রাউন্ডে তৈরি হলো ইতিহাস। চোকার্সের তকমাটা এবার অবসরে যাবে, প্রোটিয়ারা যে চ্যাম্পিয়ন হয়েছে।

১৯৯৮ সালের আইসিসি নকআউট ট্রফি জয় ছিল আফ্রিকার একমাত্র সাফল্য। ২০২৫-এ এসে অবশেষে শিরোপা খরা কাটল। ফুটবলে নিউক্যাসল ইউনাইটেড, প্যারিস সেন্ট জার্মেই কিংবা ক্রিকেটে রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মতোই ২০২৫ সালটা আফ্রিকার দুঃখ ঘোচালো।










