একাধিক সেঞ্চুরির প্রত্যয় নিয়ে বিপিএলে হাজির হবেন সাব্বির

বিপিএলে সেই একই দলের হয়ে মাঠ মাতাবেন সাব্বির। এবার তাঁর লক্ষ্যটা আরও সুদৃঢ়। তার ব্যাটিং সক্ষমতার পূর্ণ বিকাশ ঘটাতে নিজেকে প্রস্তুত করছেন ডানহাতি এই ব্যাটার।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে ঢাকা ক্যাপিটালসের জার্সিতে সাব্বির রহমান সেঞ্চুরি হাঁকাতে মরিয়া। বিপিএলের নিলামে ‘সি’ ক্যাটাগরি থেকে তাঁকে দলে ভেড়ায় ঢাকার এই ফ্র‍্যাঞ্চাইজিটি। সাম্প্রতিক সময়ে এক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে সাব্বির তাঁর মনের ভাব ব্যক্ত করেন। এবারের বিপিএলে একাধিক সেঞ্চুরি করার ইচ্ছে পোষণ করেন বাংলাদেশি এই হার্ড হিটার।

বিপিএলের সর্বশেষ আসরেও নবাগত ঢাকা ক্যাপিটালসে ছিলেন সাব্বির রহমান। আসরজুড়ে বেশ কিছু ম্যাচে পুরনো সেই সাব্বিরের নান্দনিক সব শট ও হার্ড হিটিং দক্ষতার মিশেলে অনবদ্য ইনিংসের দেখা মেলে।

আসন্ন বিপিএলে সেই একই দলের হয়ে মাঠ মাতাবেন সাব্বির। এবার তাঁর লক্ষ্যটা আরও সুদৃঢ়। নিজের সেরাটা দিয়ে দলকে এবার চ্যাম্পিয়ন করার আশাবাদ ব্যক্ত করেন তিনি। তার ব্যাটিং সক্ষমতার পূর্ণ বিকাশ ঘটাতে নিজেকে প্রস্তুত করছেন ডানহাতি এই ব্যাটার।

গত আসরে ব্যাট হাতে ৯ ইনিংসে ৩২.৫০ গড়ে ১৮৯ রান করেন সাব্বির। স্ট্রাইকরেটও চিরাচরিত সাব্বিরকেই সংজ্ঞায়িত করে, ১৬০.১৬। খেলেছেন ৮২ রানের অপরাজিত এক ঝলমলে ইনিংস। গতবার কেবল ১৮ রানের জন্য শতকের দেখা না পেলেও এবার সেই স্বাদ একাধিকবার গ্রহণ করতে চান সাব্বির, তাও সর্বনিম্ন বল খরচায়।

অভিষেকের পর থেকেই মাঠ জুড়ে নান্দনিক সব শট আর নিজের হার্ড হিটিং প্রকৃতির জানান দিয়ে বাংলাদেশ ক্রিকেট ভক্তদের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন জার্সি নাম্বার ওয়ান। পরবর্তীতে অফফর্ম এবং ধারাবাহিকতার অভাবে জাতীয় দল থেকে অনেকটা দূরে সরে যান সাব্বির রহমান।

তবে আজও তাঁর অনেক ভক্তই বছর জুড়ে অপেক্ষা করে থাকেন বিপিএলে সাব্বিরের ব্যাট থেকে দারুণ কিছু ইনিংস দেখার জন্য। সেই অপেক্ষার মূল্য দিতেই সাব্বির যেন এবার সংকল্পবদ্ধ। একাধিক সেঞ্চুরিতে তিনি ঢাকা তথা তার নিজের ভক্তদের ভাসাতে চান আনন্দের জোয়ারে।

 

লেখক পরিচিতি

ক্রীড়াচর্চা হোক কাব্য-কথায়!

Share via
Copy link