আজ থেকে বছর চারেক আগে, বিরল এক রেকর্ড মঞ্চস্থ হয়েছিল মুম্বাইয়ের মাঠে। ১৯৯৯ সালের পর সেই রেকর্ডের পাতায় জমেছে ধুলোবালি। স্পিন বোলিংয়ের ঘূর্ণিতে সেই ধুলোকে উড়িয়ে দিয়েছিলেন এজাজ প্যাটেল। ভারতের বুকে দাঁড়িয়ে ভারতকেই দিয়ে গেছেন তিনি চোখ রাঙানি।
ঘটনাটা ৪ ডিসেম্বর ২০২১ সালের। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারতের ব্যাটিং দূর্গকে তছনছ করবার কারিগর বনে যান নিউজিল্যান্ডের এজাজ প্যাটেল। ভারতের ব্যাটিং অর্ডারের আগাগোড়া পুরোটাই নিজের ঝুলিতে পুরেছেন। এমন দৃষ্টান্ত ইতিহাসে আছে স্রেফ তিনবার।
ইংলিশ স্পিনার জেমস লেকার এক ইনিংসে দশ উইকেট নেওয়ার কীর্তি গড়েন প্রথমবার। সেরা বোলিং ফিগারটা এখনও তারই দখলে। স্রেফ ৫৬ রানের বিনিময়ে তিনি হয়েছিলেন দশ উইকেটের মালিক। ১৯৫৬ সালের পর এমন কীর্তি ক্রিকেট ময়দানে পুনঃরায় সৃষ্টি হতে লেগে গেছে ৪৩ বছর।

১৯৯৯ সালে এসে ধুলিকণার স্তুপ চিড়ে অনিল কুম্বলে রেকর্ডের পাতায় লেখেন নিজের নাম। তারপর আবারও যথারীতি চলে অপেক্ষা। তবে তৃতীয় উদাহরণ সৃষ্টির ক্ষেত্রে অপেক্ষার প্রহর ছিল প্রায় প্রায় অর্ধেক। ২০২১ সালে এজাজ প্যাটেলের হাত ধরে, নতুন করে আলোচনায় এসেছিল ইতিহাসের বিরল পঠিত সেই অধ্যায়।
এজাজের দুর্বোধ্য বোলিংয়ের ঘূর্ণিতে টেস্ট জয়ের সুবাস পেয়েছিল নিউজিল্যান্ডের। মুম্বাইয়ের ঘরের ছেলে এজাজের বোলিংয়ে সাগর তীড়ে উঠেছিল জলোচ্ছ্বাস।
কিন্তু অভাগা এজাজ, ইতিহাসের পাতায় নিজের নামটি লেখালেও থেকে গিয়েছিলেন জয় বঞ্চিত। ভারত সে ম্যাচটা ঠিকই জিতে নিয়েছিল।












