কে বলে বাবর আজম শেষ? বাবররা শেষ হয় না, ফুরিয়ে যায় না। সময় কিংবা সমালোচনার স্রোতকে উপেক্ষা করে এরা নিজেদের বারবার প্রমাণ দিয়ে যায়, সবাই যখন সমাপ্তি সূচক দাঁড়ি টেনে দেয় তখনই তো বাবরদের রাজত্ব শুরু। পাকিস্তান সুপার লিগের মঞ্চে শতক হাঁকিয়ে তাঁরই ঘোষণা দিলেন।
টি-টোয়েন্টি তিনি চলেন, এমন কথা তো নিত্যদিনই শুনতে হয়। সমালোচনার পাহাড় সামনে এসে দাঁড়িয়ে যায় হরহামেশাই। তবে মহাতারকাদের এসব পাত্তা দিলে চলে না। বাবর তাই মনোযোগ দিয়েছেন মাঠের খেলায়, ওটাই যে তাঁর রাজ্য।

কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে ব্যাট হাতে যখন নামলেন তখন হয়তো কেউ ভাবেনি আজকের দিনটা বাবরের। তবে আভাস যে আগের ম্যাচেই দিয়েছিলেন। এই প্রতিপক্ষের বিপক্ষেই ব্যাট থেকে এসেছিল ৭১ রানের হার না মানা ইনিংস। আবারও প্রতিপক্ষ কোয়েটা, আর এবার ষোলকলা পূর্ণ করলেন তিনি।
স্ট্রাইক রেটের যে কালিমা বাবরকে বয়ে বেড়াতে হয় এবার সেটাই ঘুচিয়ে দিলেন। ফিফটির দেখা পেতে অপেক্ষা করতে হলো ৩১ বল। তবে এরপর যেন ভয়ঙ্কর রূপে ধরা দিলেন বাবর। যার সামনে কোন বোলারের সাধ্য নেই দাঁড়িয়ে থাকে। পরের ফিফটি তুলতে বাবরের লাগল ২১ বল। টি-টোয়েন্টি ক্যারিয়ারের ১২ তম শতকটি এসে ধরা দিল তাঁর হাতে।

সৌন্দর্যের পরশ মাখা, ধ্বংসের সুর সব ছিল এই ইনিংসে। অবশ্য বাবর আজম বলে কথা, সময় যার ব্যাটে এসে থমকে যায়, বাকিরা অবাক তাকিয়ে রয়। আজও তেমনই এক দিন দেখল পিএসএল, আর পেশোয়ারের স্কোরবোর্ডে উঠল ২৫৫ রান।











